কয়েকটি আসনে ভোট স্থগিতের দাবি জামায়াতের, অনিয়মের অভিযোগ
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:৩১
কুমিল্লা-৮, শরীয়তপুর-২ ও পটুয়াখালী-১ আসনসহ বেশ কিছু নির্বাচনী এলাকায় গুরুতর অনিয়মের অভিযোগ তুলেছে জামায়াতে ইসলামী। এসব আসনের নির্দিষ্ট ভোটকেন্দ্রগুলোতে ভোট গ্রহণ স্থগিত করার পাশাপাশি কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে দলটি।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের একটি প্রতিনিধিদল আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করে এই দাবি জানান।
বৈঠক শেষে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মোয়াজ্জেম হোসেন হেলাল সাংবাদিকদের বলেন, ‘আমরা সিইসির কাছে লিখিত অভিযোগ জমা দিয়েছি। আমাদের কাছে থাকা শতাধিক ভিডিও ফুটেজের লিংক সেখানে যুক্ত করা হয়েছে। কয়েকটি আসনে বড় ধরণের অনিয়ম ও ভোট জালিয়াতির ঘটনা ঘটেছে।’
লিখিত অভিযোগে জামায়াত উল্লেখ করেছে, কুমিল্লা-৮ আসনের অন্তত ৩০টি ভোটকেন্দ্র থেকে তাদের পোলিং এজেন্টদের জোরপূর্বক বের করে দেওয়া হয়েছে। এ বিষয়ে স্থানীয় রিটার্নিং কর্মকর্তাকে জানিয়েও কোনো প্রতিকার পাওয়া যায়নি। এছাড়া পটুয়াখালী-১ ও শরীয়তপুর-২ আসনের কয়েকটি কেন্দ্রে ভোটারদের বাধা দেওয়া এবং এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ আনা হয়েছে।
নোয়াখালী-৬ আসনে গত রাত থেকে ‘রক্তাক্ত সন্ত্রাস’ হয়েছে উল্লেখ করে মোয়াজ্জেম হোসেন হেলাল বলেন, ঝালকাঠি ও শরীয়তপুরেও তাদের এজেন্টদের কর্মস্থল থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। এমনকি এবি পার্টির সভাপতি মজিবুর রহমানের গাড়ি বহরে হামলার ঘটনাও নির্বাচন কমিশনকে অবহিত করেছে জোটটি।
সিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় ঐক্যের নেতারা বর্তমান পরিস্থিতি বিবেচনায় বিতর্কিত কেন্দ্রগুলোর ভোট স্থগিত করার জোর দাবি জানান। তবে জামায়াতের পক্ষ থেকে মোট কতটি কেন্দ্রে অনিয়ম হয়েছে, তার সুনির্দিষ্ট সংখ্যা সংবাদ সম্মেলনে জানানো হয়নি।
এমএইচএস

