বিজয় এলে মিছিল নয়, সিজদায় পড়ে শুকরিয়া জানাব : জামায়াত আমির
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:৫৫
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ শেষে কেন্দ্রগুলোতে গণনা শুরু হওয়ার পর দেশবাসীকে বিশেষ বার্তা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, নির্বাচনে বিজয় এলে মিছিল, স্লোগান বা উচ্ছ্বাসের প্রয়োজন নেই; বরং সবাই সিজদায় পড়ে আল্লাহর শুকরিয়া আদায় করবেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে ভোটগ্রহণ শেষ হওয়ার পর বিকেল ৫টা ২ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ আহ্বান জানান।
ডা. শফিকুর রহমান তার পোস্টে লেখেন, ‘মহান রাব্বুল ইজ্জত তাঁর একান্ত মেহেরবানিতে মজলুমদেরকে বিজয় দান করলে মিছিল নয়, স্লোগান নয়, উচ্ছ্বাসও নয়- আমরা সবাই সিজদায় পড়বো।’
সম্ভাব্য বিজয়ের প্রেক্ষাপটে তিনি আরও যুক্ত করেন, ‘মনভরে আল্লাহ তাআলার শোকর আদায় করবো এবং জাতির সেবার জন্য মহান রবের একান্ত সাহায্য কামনা করবো।’
অপর এক পোস্টে দলীয় নেতাকর্মী ও এজেন্টদের সতর্ক থাকার নির্দেশনা দিয়ে জামায়াত আমির বলেন, ‘পূর্ণাঙ্গ ফলাফল প্রকাশের পূর্ব পর্যন্ত কেউ ভোটকেন্দ্র ছাড়বেন না।’
এমএইচএস

