Logo

রাজনীতি

বিজয় অনিবার্য, কোনো অপচেষ্টাই সফল হবে না : বিএনপি

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:৪০

বিজয় অনিবার্য, কোনো অপচেষ্টাই সফল হবে না : বিএনপি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একটি চিহ্নিত রাজনৈতিক দল ভীতি প্রদর্শন, কালো টাকা ও জালিয়াতির আশ্রয় নিলেও বিএনপির নিরঙ্কুশ বিজয় অনিবার্য বলে মন্তব্য করেছেন দলটির নেতারা। 

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টায় ভোটগ্রহণ শেষে রাজধানীর গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলা হয়।

দলের জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন। তিনি বলেন, ‘চিহ্নিত একটি দল সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে ভোটারদের মনে ভীতি ছড়ানোর অপচেষ্টা করেছে। কিন্তু দেশের মানুষ সব ষড়যন্ত্র রুখে দিয়েছে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, ধানের শীষের জোয়ারে বিএনপির নিরঙ্কুশ বিজয় নিশ্চিত হবে।’

মাহদী আমিন অভিযোগ করেন, বুধবার রাত থেকেই বিভিন্ন স্থানে সহিংসতা, কারচুপি এবং কালো টাকার মহোৎসব চলেছে। অনেক জায়গায় আগে থেকেই সিল মারা ব্যালট পাওয়া গেছে এবং ফ্যাসিবাদী আমলের মতো একজনের ভোট অন্যজনের দেওয়ার অপসংস্কৃতি পুনঃপ্রতিষ্ঠার চেষ্টা করা হয়েছে। এছাড়া অনেক জায়গায় ভুয়া পর্যবেক্ষক নিয়োগ করে ভোটারদের কেন্দ্রে আসতে বাধা দেওয়ার ঘটনা ঘটেছে বলেও তিনি দাবি করেন।

নির্বাচন কমিশনের পদক্ষেপ নিয়ে তিনি বলেন, ‘আমরা অনেক আগেই অনিয়মের বিষয়ে কমিশনকে অবহিত করেছিলাম। কমিশন ক্ষেত্রবিশেষে কিছু পদক্ষেপ নিলেও তা আরও আন্তরিক ও সামগ্রিক হওয়া প্রয়োজন ছিল।’ তবে দায়িত্ব পালনরত নিরাপত্তা বাহিনীর সদস্যদের ভূমিকার জন্য তাদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানায় বিএনপি।

ভোট গণনা চলাকালে নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে মাহদী আমিন বলেন, ‘ভোটের চূড়ান্ত ফলাফল নিশ্চিত করার আগে কোনো কর্মী বা সমর্থক যেন ভোটকেন্দ্র ত্যাগ না করেন।’

সংবাদ সম্মেলনে নির্বাচনে বিভিন্ন সহিংসতায় হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়। এ সময় বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক মওদুদ হোসেন আলমগীর ও সদস্য শায়রুল কবির খান উপস্থিত ছিলেন।

এমএইচএস 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিএনপি সংসদ নির্বাচন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট

আরও পড়ুন
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর