Logo

রাজনীতি

বেশ কিছু আসনে ‘ইঁদুর-বিড়াল’ খেলা চলছে : জামায়াত আমির

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০১:২৪

বেশ কিছু আসনে ‘ইঁদুর-বিড়াল’ খেলা চলছে : জামায়াত আমির

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বেশ কিছু আসনে ‘ইঁদুর-বিড়াল’ খেলা চলছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. মো. শফিকুর রহমান।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) মধ্যরাতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

ডা. শফিকুর রহমান বলেন, “অনেকগুলো আসনে ১১ দলীয় জোটের প্রার্থীরা এগিয়ে আছেন, কিন্তু সেসব আসনে রিটার্নিং অফিসাররা ফল ঘোষণা করছেন না। দ্রুত ফলাফল প্রকাশ না হলে বিভ্রান্তি সৃষ্টি হতে পারে।” তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

জামায়াতের আমির আরও বলেন, “নির্বাচন কমিশন ১৩ তারিখের মধ্যে ফলাফল ঘোষণা করার কথা জানিয়েছেন। আমরা সেই পর্যন্ত ধৈর্য ধারণ করব। যদি তারা ব্যর্থ হন, তাহলে সঙ্গত সীমার মধ্যে অপেক্ষা করব। এর ভেতরে কিছু আসনে ‘ইঁদুর-বিড়াল’ খেলা চলছে। এমনকি ঢাকা-৮ আসন এখনো ঝুলে আছে—সেখানে কী হচ্ছে? আপনারা সাংবাদিকরা জানেন। এসব সুস্থ ধারার রাজনীতির পরিচয় বহন করে না, এগুলো অসুস্থ ধারার রাজনীতি।”

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “কতটি আসনে জয় পেয়েছি তা এখনো নিশ্চিতভাবে বলতে পারছি না, কারণ অনেক আসনের ফলাফল এখনও ঝুলিয়ে রাখা হয়েছে। আমরা নিশ্চিত, বুথ ফেরত যে সিট আমাদের কাছে এসেছে, সেখানে আমরা এগিয়ে আছি। কিন্তু লোকালি নানা তালবাহানা চলছে—মিলিয়ে দেখতে হবে, এটা আছে, ওটা আছে। সত্যিই কি তা বোঝা যাচ্ছে না।”

কারচুপির আশঙ্কা করা হচ্ছে কি না—এমন প্রশ্নের জবাবে শফিকুর রহমান বলেন, “অনেক কিছুই ঘটেছে, কিন্তু এখনই কিছু বলতে চাইছি না। যখন ফাইনাল তথ্য হাতে আসবে, ১১ দলের নেতৃবৃন্দ বসে সংকলন করে সিদ্ধান্ত জানাব।”

এএস/

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

জামায়াত আমির সংসদ নির্বাচন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর