শতভাগ সন্তুষ্টি কঠিন, ফলাফলে মোটামুটি খুশি বিএনপি : নজরুল ইসলাম
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৪৭
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। ছবি : বাংলাদেশের খবর
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ফলাফল নিয়ে সন্তুষ্টির প্রশ্নে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, ‘শতভাগ সন্তুষ্ট হওয়া কঠিন ব্যাপার। তবে বিএনপি মোটামুটি খুশি।’
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে ফলাফল ঘোষণা অনুষ্ঠান শেষে তিনি এসব কথা বলেন।
নজরুল ইসলাম খান বলেন, অতীতের অনেক নির্বাচনে সহিংসতায় প্রাণহানির ঘটনা ঘটেছে। তবে এবার আল্লাহর অশেষ মেহেরবানিতে তেমন কোনো বড় অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি।
তিনি আরও বলেন, দীর্ঘদিন ভোট না দেওয়ার কারণে দেশের মানুষের মধ্যে ভোটকেন্দ্রে না যাওয়ার একটি প্রবণতা তৈরি হয়েছে। ‘আমরা সবাইকে পুরোপুরি ভোটে আনতে পারিনি। তবে ভবিষ্যতে জনগণকে আরও বেশি ভোটমুখী করতে কাজ করব, যাতে সব মানুষ ভোটকেন্দ্রে আসে।’
সংবাদকর্মীদের ধন্যবাদ জানিয়ে নজরুল ইসলাম খান বলেন, গণমাধ্যমের মাধ্যমে জনগণ বিএনপির কর্মপরিকল্পনা জানতে পেরেছে এবং সেই অনুযায়ী ভোট দিয়েছে।
প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে তিনি দাবি করেন, দুই-তৃতীয়াংশ বা তার বেশি আসনে বিএনপি বিজয়ী হয়েছে। জোটের প্রার্থীরাও অনেকেই বিজয়ী হয়েছেন। গণভোটে বিএনপি হ্যাঁ পক্ষে ভোট দিয়েছে বলেও জানান তিনি।
এসআইবি/এমবি

