ঢাকা-১৪ আসনের ফল স্থগিত ও পুনরায় ভোটের দাবি তুলির
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:০০
সানজিদা ইসলাম তুলি। ফাইল ছবি
ঢাকা-১৪ আসনে ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ ও ব্যাপক অনিয়মের অভিযোগ তুলে নির্বাচনের ফলাফল স্থগিত এবং পুনরায় ভোটগ্রহণের দাবি জানিয়েছেন বিএনপির প্রার্থী সানজিদা ইসলাম তুলি।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে উপস্থিত হয়ে তিনি এই অভিযোগ জমা দেন। অভিযোগ জানাতে এসে তিনি দাবি করেন, তার আসনে পরিকল্পিতভাবে ইঞ্জিনিয়ারিং করা হয়েছে এবং ভোট শুরুর পূর্বেই ব্যালট পেপারে সিল মারার মতো ঘটনা ঘটেছে।
সানজিদা ইসলাম তুলি সাংবাদিকদের বলেন, তার নির্বাচনী এলাকার বিভিন্ন কেন্দ্রে কর্মীদের মারধর করা হয়েছে এবং পোলিং এজেন্টদের জোরপূর্বক বের করে দেওয়া হয়েছে। তিনি আরও অভিযোগ করেন, অনেক কেন্দ্রে ফলাফল জনসমক্ষে ঘোষণা করা হয়নি এবং ভোট গ্রহণ শেষ হওয়ার আগেই এজেন্টদের কাছ থেকে রেজাল্ট শিটে স্বাক্ষর করিয়ে নেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে একটি নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করে দ্রুত সব অভিযোগ খতিয়ে দেখার জন্য তিনি নির্বাচন কমিশনের কাছে জোর দাবি জানিয়েছেন।
উল্লেখ্য, ঢাকা-১৪ আসনের বেসরকারি ফলাফলে জামায়াতে ইসলামীর প্রার্থী মীর আহমাদ বিন কাসেম ১,০১,১১৩ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে ধানের শীষ প্রতীকের সানজিদা ইসলাম তুলি পেয়েছেন ৮৩,৩২৩ ভোট। ফলাফল অনুযায়ী, তিনি ১৭,৭৯০ ভোটের ব্যবধানে পরাজিত হয়েছেন।
এমএইচএস

