Logo

রাজনীতি

তারেক রহমানকে নরেন্দ্র মোদির ফোন, শান্তি ও উন্নয়নে পাশে থাকার আশ্বাস

Icon

ডিজিটাল ডেস্ক

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:৩২

তারেক রহমানকে নরেন্দ্র মোদির ফোন, শান্তি ও উন্নয়নে পাশে থাকার আশ্বাস

ছবি : সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ বিজয়ে দলটির চেয়ারম্যান তারেক রহমানকে ফোন করে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। 

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে ভারতের প্রধানমন্ত্রী তার ভেরিফায়েড ফেসবুক পেজ এবং এক্স (টুইটার) হ্যান্ডলে পৃথক পোস্টের মাধ্যমে এই ফোনালাপ ও অভিনন্দনের তথ্য নিশ্চিত করেন।

নরেন্দ্র মোদি তার পোস্টে জানান, তারেক রহমানের সঙ্গে কথা বলতে পেরে তিনি আনন্দিত। বাংলাদেশের নির্বাচনে উল্লেখযোগ্য বিজয়ের জন্য তিনি তাকে অভিনন্দন জানিয়েছেন এবং বাংলাদেশের জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণে তারেক রহমানের প্রচেষ্টায় শুভকামনা ও সমর্থন ব্যক্ত করেছেন।

ভারতের প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ ও ভারত অত্যন্ত ঘনিষ্ঠ প্রতিবেশী দেশ, যাদের মধ্যে গভীর ঐতিহাসিক ও সাংস্কৃতিক বন্ধন রয়েছে। সেই সম্পর্কের প্রেক্ষাপটে তিনি দুই দেশের মানুষের শান্তি, অগ্রগতি এবং সমৃদ্ধির প্রতি ভারতের অব্যাহত অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করেন। তিনি আরও উল্লেখ করেন, ভারত একটি গণতান্ত্রিক, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের পাশে থাকবে এবং দ্বিপাক্ষিক বহুমুখী সম্পর্ক আরও শক্তিশালী করতে ও অভিন্ন উন্নয়নের লক্ষ্য অর্জনে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন।

এর আগে আজ দুপুর পর্যন্ত ঘোষিত ২৯৭টি আসনের বেসরকারি ফলাফলে দেখা গেছে, বিএনপি এককভাবে ১৮১টি এবং দলটির নেতৃত্বাধীন জোট ২১২টি আসনে জয়লাভ করে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে।

ভারতের প্রধানমন্ত্রীর এই অভিনন্দন বার্তাকে দুই দেশের ভবিষ্যৎ কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে একটি ইতিবাচক সংকেত হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

এমএইচএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর