Logo

রাজনীতি

ক্ষমতায় ফেরার পথে বিএনপি, তারেক রহমানের সামনে চ্যালেঞ্জ চারদিকেই

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ২২:৪৭

ক্ষমতায় ফেরার পথে বিএনপি, তারেক রহমানের সামনে চ্যালেঞ্জ চারদিকেই

তারেক রহমান/ ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশের বেশি আসনে জয় পেয়ে সরকার গঠনের পথে বিএনপি। প্রায় ১৯ বছর পর আবারও রাষ্ট্রীয় ক্ষমতায় ফিরছে দলটি। এই প্রত্যাবর্তনের পর তারা কোন কোন চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে, তা নিয়ে চলছে নানা বিশ্লেষণ।

নির্বাচনের একদিন পর শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স বিএনপির বিপুল জয়ের প্রেক্ষাপটে তারেক রহমানকে সামনে রেখে একটি বিশ্লেষণধর্মী প্রতিবেদন প্রকাশ করেছে। এতে বলা হয়, প্রায় দুই দশক পর ক্ষমতায় ফিরতে যাওয়া দলের চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পথে। তবে তাঁর সামনে তিনটি বড় চ্যালেঞ্জ স্পষ্ট—রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা, বিনিয়োগকারীদের আস্থা ফেরানো এবং তৈরি পোশাক শিল্পসহ গুরুত্বপূর্ণ অর্থনৈতিক খাত পুনরুজ্জীবিত করা।

এদিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে অর্থনীতিকে সচল করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং দুর্নীতি রোধ করা।

বিষয়টি নিয়ে বিএনপির নির্বাহী কমিটির সদস্য রফিক সিকদার বলেন, বিএনপি একটি বড় রাজনৈতিক দল। সে ক্ষেত্রে নানা ধরনের রাজনৈতিক চ্যালেঞ্জ থাকাটা স্বাভাবিক। সরকার গঠন করলে সরকারেরও নানা চ্যালেঞ্জ থাকে। তাঁর বিশ্বাস, তারেক রহমানের সুদৃঢ় নেতৃত্বে এসব চ্যালেঞ্জ মোকাবিলা করা সম্ভব হবে।

অন্যদিকে আন্তর্জাতিক বাণিজ্য ও রাজনীতি বিশ্লেষক মোবাশ্বের হোসেন টুটুল বলেন, বাংলাদেশের সামনে বড় রাজনৈতিক চ্যালেঞ্জ হলো সংসদ গঠন ও সংস্কার প্রক্রিয়া জুলাই সনদ অনুযায়ী বাস্তবায়ন এবং এর পূর্ণ আইনি কাঠামো দাঁড় করানো। পাশাপাশি দীর্ঘদিনের অপশাসনে দুর্বল হয়ে পড়া রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে জাতীয় ও আন্তর্জাতিক প্রত্যাশার ভিত্তিতে পুনর্গঠন, সামরিক ও বেসামরিক আমলাতন্ত্রকে জনবান্ধব ও ব্যয়সাশ্রয়ী করা এবং জবাবদিহি নিশ্চিত করা জরুরি।

তিনি বলেন, বিচার বিভাগকে দীর্ঘসূত্রতা থেকে বের করে এনে আইনের শাসনের প্রতি জনআস্থা ফিরিয়ে আনা, আর্থিক খাত সংস্কার করে অর্থনীতিতে প্রাণ সঞ্চার, বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং সরকারের রাজস্ব আয় বাড়ানো—এসবও গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ।

আন্তর্জাতিক কূটনীতি, স্থিতিশীলতা ও অর্থনৈতিক পুনর্গঠনের মতো সংবেদনশীল ক্ষেত্র নিয়ে টুটুল বলেন, দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকা বিএনপিকে আন্তর্জাতিক সম্পর্ক পুনরুদ্ধার এবং পরিবর্তিত বৈশ্বিক রাজনীতির সঙ্গে খাপ খাইয়ে নিতে হবে। পাশাপাশি কার্যকর অর্থ ও বাণিজ্যনীতি প্রণয়ন, কৌশলগত দিক বিবেচনায় সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তোলা, রোহিঙ্গা সংকটের মতো বড় উদ্বাস্তু সমস্যার সমাধান, দেশীয় স্বার্থ বিবেচনায় আঞ্চলিক শক্তির সঙ্গে সম্পর্ক উন্নয়ন এবং আন্তঃদেশীয় সন্ত্রাস রোধ—এসব কঠিন চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে।

এএস/

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিএনপি তারেক রহমান

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর