Logo

রাজনীতি

দেশ ও জনগণের স্বার্থই আমাদের কাছে প্রথম : তারেক রহমান

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ২০:৫২

দেশ ও জনগণের স্বার্থই আমাদের কাছে প্রথম : তারেক রহমান

রাজধানীর হোটেলে ইন্টারকন্টিনেন্টালে সংবাদ সম্মেলনে কথা বলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান

রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের বলরুমে আয়োজিত নির্বাচনোত্তর সংবাদ সম্মেলনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘বাংলাদেশের স্বার্থ ও জনগণের স্বার্থই আমাদের কাছে প্রথম।’ শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে এক বিদেশি সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

সংবাদ সম্মেলনে আল-জাজিরা, বিবিসি, এবিসিসহ চীন, ভারত, পাকিস্তান, জাপান ও জার্মানিসহ বিভিন্ন দেশের সাংবাদিকেরা উপস্থিত ছিলেন। তাঁরা বিএনপির চেয়ারম্যানকে বিভিন্ন বিষয়ে প্রশ্ন করেন। তারেক রহমান একে একে সেসব প্রশ্নের জবাব দেন।

পররাষ্ট্রনীতি নিয়ে অবস্থান

বিএনপি সরকারের পররাষ্ট্রনীতি সম্পর্কে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, ‘বাংলাদেশের স্বার্থ, বাংলাদেশের মানুষের স্বার্থ আমাদের কাছে প্রথম। বাংলাদেশ এবং দেশের মানুষের স্বার্থ ঠিক রেখে আমরা আমাদের ফরেন পলিসি ডিসাইড করবো।’

একই প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘বিএনপি অনুসরণ করে দ্য প্রিন্সিপাল অব মাল্টিলেটারিজম। উই ডোন্ট হ্যাভ এ্যানি কান্ট্রি সেন্ট্রিক পলিসি এজ সাচ। সো আওয়ার পলিসি এ্যাপলাইজড টু এনাদার কাউন্ট্রি অব দ্য ওয়ার্ল্ড। দিস ইজ ফর মিচ্যুয়াল রেসপেক্ট, মিচ্যুয়াল ইন্টারেস্ট, নন-ইন্টারফেয়ারেন্স অ্যান্ড স্ট্র্যাটেজিক অটোনোমি ফর বাংলাদেশ—এটাই আমাদের পররাষ্ট্রনীতি।’

আইসিটি প্রসঙ্গে তিনি বলেন, এটি বিচার বিভাগের বিষয়। ‘অব কোর্স উই লুক টু জুডিশিয়ারি সেপারেট ফ্রম এক্সিকিউটিভ ফাংশন অ্যান্ড লেজিসলেটিভ ফাংশন।’

‘জনগণকে কনভিন্স করাটাই আমাদের ইঞ্জিনিয়ারিং’

এক সাংবাদিক প্রশ্ন করেন, গত সরকার চলে যাওয়ার পর থেকে আপনি বলে আসছেন এই নির্বাচন সহজ হবে না। এখন নির্বাচন হয়ে গেল—এটা আপনার কাছে সহজ ছিল কি না? আর ২০০–এর বেশি আসন পেতে কোনো ইঞ্জিনিয়ারিং করতে হয়েছে কি না?

জবাবে তারেক রহমান বলেন, ‘দেশের জনগণকে কনভিন্স করাটাই হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ারিং। আমাদের যে ইঞ্জিনিয়ারিংটা ছিল জনগণকে আমাদের পক্ষে নিয়ে আসা, সেটাতে আলহামদুলিল্লাহ আমরা সফল হয়েছি।’

তিনি বলেন, ‘জনগণকে কনভিন্স করে একটি সুষ্ঠু সুন্দর পরিবেশ নিশ্চিত করাটাই ছিল প্রথম কাজ। যেকোনো ভালো কাজের লক্ষ্য অর্জন করতে গেলে কষ্ট করতে হবে, কঠিন হবেই।’

ভারত–পাকিস্তান–চীনের সঙ্গে সম্পর্ক

ভারত, পাকিস্তান ও চীনের সঙ্গে বিএনপি সরকারের সম্পর্ক কেমন হবে—এমন প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, ‘আই অলরেডি অ্যানসার দিস।’ পরে তিনি আমীর খসরু মাহমুদ চৌধুরীকে উত্তর দিতে বলেন।

আমীর খসরু বলেন, দেশের স্বার্থ ঠিক রেখে বিএনপির নীতি নির্ধারিত হবে।

সরকারের অগ্রাধিকার চ্যালেঞ্জ

সরকারের সামনে কী কী অগ্রাধিকার চ্যালেঞ্জ রয়েছে—এমন প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, ‘আমাদের কাছে কিছু চ্যালেঞ্জ আছে—অর্থনীতিকে সচল করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা। অবশ্যই জনগণের নিরাপত্তা নিশ্চিত করা। গত রেজিম দেশে সব প্রতিষ্ঠান দলীয়করণ করেছে। সেজন্য আমরা সুশাসন প্রতিষ্ঠা করব। এগুলো আমরা চ্যালেঞ্জ হিসেবে দেখছি এবং এগুলোকে ট্যাকল করতে হবে।’

যুবকদের জন্য পরিকল্পনা

যুবকদের জন্য পরিকল্পনা জানতে চাইলে তারেক রহমান বলেন, ‘আমরা জনগণের রায় পেয়েছি। অবশ্যই যুবকরা আছেন, তবে সমাজের আরও শ্রেণি-পেশার মানুষ আছেন। আমরা সবার বিষয়েই কাজ করব।’

তিনি বলেন, দলের ইশতেহারে যুবক, নারী ও প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য পরিকল্পনার কথা উল্লেখ রয়েছে। ‘আমরা ইতিমধ্যে আমাদের ম্যানিফেস্টো প্রকাশ করেছি। সেখানে সব বিষয়ে আমরা এড্রেস করেছি।’

সার্ক ও শেখ হাসিনাকে ফেরানো

দক্ষিণ এশীয় সহযোগিতা সংস্থা (সার্ক) সক্রিয়করণ এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে প্রশ্ন করা হলে তারেক রহমান বলেন, ‘সার্ক গঠন হয়েছিল বাংলাদেশের উদ্যোগে। স্বাভাবিকভাবে আমরা সার্ক সক্রিয় করতে চাই। এ বিষয়ে আমরা আলাপ করব।’

শেখ হাসিনাকে ফিরিয়ে আনার প্রসঙ্গে তিনি বলেন, ‘ইট ডিপেন্ডস অন দ্য লিগ্যাল প্রসেস, অব কোর্স।’

চীন–বাংলাদেশ সম্পর্ক

চীন–বাংলাদেশ সম্পর্ক নিয়ে তারেক রহমান বলেন, ‘ডেফিনেটলি উই উইল ট্রাই টু প্রটেক্ট ইন্টারেস্ট অব পিপল অব বাংলাদেশ। আমাদের দেশের স্বার্থ ঠিক রেখে আমরা সব দেশের সঙ্গে সম্পর্ক গড়ব। মিউচুয়াল ইন্টারেস্ট ইজ দ্য ফার্স্ট প্রায়োরিটি।’

আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে চীনা বন্ধুরা যুক্ত আছেন। দুই দেশ ভবিষ্যতে আরও নিবিড়ভাবে একসঙ্গে কাজ করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

অর্থনীতি সচল ও কর্মসংস্থান

দেশের অর্থনীতি সচল করতে বিএনপি সরকার কী পদক্ষেপ নেবে—এমন প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, ‘টু ব্রিং মোর বিজনেসেস অ্যান্ড ক্রিয়েট মোর জবস।’

আইনশৃঙ্খলা ও দুর্নীতি রোধ

আইনশৃঙ্খলা পরিস্থিতি ও দুর্নীতি রোধে ভাবনা জানতে চাইলে তিনি বলেন, ‘আইন সবার জন্য সমান।’

তিনি বলেন, ‘সরকার পরিচালনার দায়িত্বে এলে আমরা চেষ্টা করব আইন যেন আইনের মতো করে চলে।’

আওয়ামী লীগের বিষয়ে অবস্থান জানতে চাইলে তারেক রহমান বলেন, ‘বাই এন্সিউরিং রুল অব ল।’

লুটপাট ও পাচার করা অর্থ ফেরানো

বিগত সরকারের সময়ের লুটপাট ও পাচার করা অর্থ ফেরাতে পরিকল্পনা সম্পর্কে তিনি বলেন, দলের ইশতেহারে এ বিষয়ে বিস্তারিত উল্লেখ রয়েছে।

‘আমরা গণতান্ত্রিক অর্থনীতি চাই। এমন একটি অর্থনীতি সূচনা করতে চাই, যেখানে সবাই নিজের যোগ্যতা ও মেধার ভিত্তিতে ব্যবসা-বাণিজ্য করতে পারবেন। কোনো বিশেষ মহলকে সুযোগ দিতে চাই না,’ বলেন তারেক রহমান।

সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। শুরুতে তারেক রহমান দলকে সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ী করায় দেশবাসীকে অভিনন্দন জানান। পরে প্রশ্নোত্তর পর্বে দেশি-বিদেশি সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন।

এএস/

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

তারেক রহমান বিএনপি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর