Logo

রাজনীতি

‘কড়ায়গণ্ডায় হিসাব বুঝে নেওয়া হবে’ : নাসীরুদ্দীন পাটওয়ারী

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০০:০০

‘কড়ায়গণ্ডায় হিসাব বুঝে নেওয়া হবে’ : নাসীরুদ্দীন পাটওয়ারী

নাসীরুদ্দীন পাটওয়ারী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির বিরুদ্ধে সূক্ষ্ম ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’-এর অভিযোগ এনেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্য জোট। একই সঙ্গে নির্বাচন ও নির্বাচন-পরবর্তী সময়ে ভোটারদের ওপর হামলার অভিযোগও করেছে তারা।

সোমবার বিকেলে রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে ‘সারাদেশে নির্বাচন-পরবর্তী সহিংসতা, নির্যাতন, নিপীড়ন, হত্যা ও ধর্ষণের প্রতিবাদে’ আয়োজিত সমাবেশে জোটের নেতারা এসব অভিযোগ করেন।

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ারের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক। বক্তব্য দেন ঢাকা-১২ আসনে জামায়াতের বিজয়ী প্রার্থী সাইফুল আলম খান মিলন, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) সহসভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধান, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব অধ্যাপক মো. আবদুল জলিল প্রমুখ।

‘ডিপ স্টেট’ ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ

মামুনুল হক অভিযোগ করেন, নির্বাচনে ‘ডিপ স্টেট’ এজেন্ডা বাস্তবায়নে প্রশাসনকে ব্যবহার করা হয়েছে এবং জনগণের ভোটাধিকার ক্ষুণ্ন করা হয়েছে। ঢাকা-১৩ আসনে পরাজিত এই প্রার্থী বলেন, সারাদিন সন্দেহপূর্ণ ভোট গ্রহণের পরিবেশ তৈরি করে সন্ধ্যার পর সূক্ষ্ম ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে টার্গেট করা ব্যক্তিদের জাতীয় সংসদে যাওয়ার পথে পরিকল্পিত প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে।

তিনি আরও অভিযোগ করেন, নির্বাচন-পরবর্তী সময়ে ১১-দলীয় ঐক্যের নেতাকর্মী ও সমর্থকদের ওপর দমন-পীড়ন, বাড়িঘরে অগ্নিসংযোগ, শারীরিক লাঞ্ছনা ও নির্যাতনের ঘটনা ঘটেছে। এসব ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিচার দাবি করেন তিনি।

‘অনিয়ম করে বিজয় থামিয়ে দেওয়া হয়েছে’

খুলনা-৫ আসনে পরাজিত জামায়াতের প্রার্থী মিয়া গোলাম পরওয়ার বলেন, অনিয়ম করে ১১-দলীয় প্রার্থীদের বিজয়ের বার্তা থামিয়ে দেওয়া হয়েছে। যেসব আসনে অনিয়মের অভিযোগ নির্বাচন কমিশনে দাখিল করা হয়েছে, সেগুলোর অবিলম্বে বিচার ও নিষ্পত্তির দাবি জানান তিনি।

তিনি বলেন, নির্বাচন-পরবর্তী সহিংসতায় দেশের মানুষ বিস্মিত। “এভাবে ম্যানিপুলেশন করে বিজয়ী হয়েও আপনারা জাতির ওপরে হামলে পড়েছেন। খুন, সন্ত্রাস, বাড়িঘরে অগ্নিসংযোগ, মা-বোনদের ধর্ষণের দৃশ্য আমাদের আবার ফ্যাসিবাদের চিত্র মনে করিয়ে দিচ্ছে।” বিএনপির বিরুদ্ধে ‘সিন্ডিকেট’ করে ‘না’ ভোট দেওয়ার অভিযোগও করেন তিনি।

‘কড়ায়গণ্ডায় হিসাব বুঝে নেওয়া হবে’

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “আমরা আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি। কারণ, যারা ভোট ডাকাত, তাদের বাংলাদেশের জনগণের সামনে উন্মোচন করতে আমরা সক্ষম হয়েছি। তারা কেবল ভোট চুরি করেনি, ডাকাতি করেছে। সংসদে ভোট ডাকাতরা গেছে। জনগণের সামনে আমরা বিরোধী দল হিসেবে হাজির হয়েছি। আমরা রাজপথে থাকব। জনগণের ওপর যারা ভোটে ইঞ্জিনিয়ারিং করেছে, ডাকাতি করেছে, নতুনভাবে জুলুম চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে, আমরা তাদের কাছ থেকে কড়ায়গণ্ডায়, ইঞ্চি ইঞ্চি করে হিসাব বুঝে নেব।”

বিএনপিকে ‘ভুল পথ’ থেকে ফেরার আহ্বান

ঢাকা-১২ আসনে জামায়াতে ইসলামীর বিজয়ী প্রার্থী সাইফুল আলম খান মিলন বিএনপিকে ‘ভুল পথ’ থেকে ফিরে আসার আহ্বান জানান। তিনি বলেন, “জুলাই আন্দোলনের একটি রক্তাক্ত বিপ্লবের পরে আমরা আশা করেছিলাম, দেশে একটি সুন্দর নির্বাচন হবে। এর মাধ্যমে গণতন্ত্রের যাত্রা শুরু হবে। সেখানে আমরা দুটি ব্যতিক্রম দেখেছি। নির্বাচন সুষ্ঠুভাবে হয়নি। নির্বাচনের আগে ও পরে ভোটারদের অত্যাচার-নিপীড়ন করা হয়েছে, বাড়িঘর জ্বালানো হয়েছে। আমরা বড় দলটিকে (বিএনপি) আহ্বান করতে চাই, আপনারা এই ভুল পথ থেকে ফিরে আসুন।”

‘অধৈর্য হয়ে রাষ্ট্র চালানো যায় না’

এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেন, জাল ভোট, ফলাফল পরিবর্তন, ভোটারদের কেন্দ্রে প্রবেশে বাধা—এভাবে অর্থের বিনিময়ে ভোট কিনে নির্বাচনকে কলুষিত করা হয়েছে। “এত অধৈর্য হয়ে গেলেন? এ অধৈর্য নিয়ে কীভাবে রাষ্ট্র চালাবেন? যে কলঙ্কতিলক আপনাদের কপালে লেগেছে, তা দূর করতে অবিলম্বে ব্যবস্থা নিন।”

‘ম্যানেজ ভোট’ হয়েছে : রাশেদ প্রধান

জাগপা সহসভাপতি রাশেদ প্রধান বলেন, “২০১৪ সালে হয়েছিল বিনা ভোটের নির্বাচন, ২০১৮ সালে রাতের ভোট, ২০২৪ সালে ডামি ভোট। ভেবেছিলাম ২০২৬ সালে হবে আসল ভোট। কিন্তু ২০২৬ সালে হয়েছে ম্যানেজ ভোট।”

তিনি অভিযোগ করেন, প্রশাসন, নির্বাচন কমিশন ও সরকারকে ‘ম্যানেজ’ করে এই নির্বাচনের আয়োজন করা হয়েছে এবং ভোটের পর জনগণের ওপর হামলা চালানো হয়েছে।

‘ফল চূড়ান্ত হয়েছিল সেদিনই’

বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান বলেন, “যেদিন ড. মুহাম্মদ ইউনূস লন্ডনে যান, সেদিনই নির্বাচনের ফলাফল চূড়ান্ত হয়ে যায়। তারেক রহমান বাংলাদেশে এসে বলেছিলেন ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’। তাঁর পরিকল্পনা ছিল ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে ক্ষমতায় যাওয়া।”

সমাবেশ শেষে জোটের পক্ষ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে শুরু হয়ে জাতীয় প্রেস ক্লাব হয়ে শাহবাগ মোড়ে গিয়ে শেষ হয়।

এএস/

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর