সংবিধান সংস্কার পরিষদের শপথ নিচ্ছে না বিএনপি
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৫৭
নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ পাঠ করছেন। ছবি : ভিডিও থেকে নেওয়া
ত্রয়োদশ জাতীয় সংসদ সদস্য হিসেবে শপথ নিলেও ‘সংবিধান সংস্কার পরিষদ’-এর সদস্য হিসেবে শপথ নিচ্ছেন না বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নবনির্বাচিত সংসদ সদস্যরা।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে শপথ অনুষ্ঠান শুরুর আগে কক্সবাজার-১ আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ সংসদ ভবনে এ কথা জানান।
সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণের জন্য সংসদ ভবনে এসে তিনি সাংবাদিকদের জানান, তারা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেবেন না। তিনি বলেন, ‘আমরা কেউ সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হইনি। আমাদের ম্যান্ডেট সংসদ সদস্য হিসেবে।’
সালাহউদ্দিন আহমদ আরও স্পষ্ট করেন যে, সংবিধান সংস্কারের বিষয়টি আইনি প্রক্রিয়ার মাধ্যমে হতে হবে। তিনি বলেন, ‘জাতীয় সংসদে যদি বিষয়টি সাংবিধানিকভাবে গৃহীত হয়, তবেই এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া যাবে। দলীয় চেয়ারম্যানের পক্ষ থেকেই এই সিদ্ধান্ত জানানো হয়েছে।’
উল্লেখ্য, আজকের কর্মসূচিতে নবনির্বাচিত সংসদ সদস্যদের দুই দফায় শপথ নেওয়ার কথা ছিল— প্রথমে সংসদ সদস্য হিসেবে এবং পরবর্তীতে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে। তবে বিএনপির ২০৯ জন সংসদ সদস্য দ্বিতীয় দফায় এই শপথ না নেওয়ার সিদ্ধান্তে অটল রয়েছেন।
বিএনপি শুরু থেকেই সংবিধানের বাইরে কোনো পরিষদ গঠনের বিরোধিতা করে আসছে। দলটির দাবি, যেকোনো সংস্কার হতে হবে সংসদের ভেতরে সাংবিধানিক প্রক্রিয়ায়। বিএনপির এই অবস্থানের ফলে সংবিধান সংস্কার পরিষদের কার্যক্রম শুরু হওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হলো।
এমএইচএস

