ট্যাক্স ফ্রি গাড়ি ও সরকারি প্লট নেবেন না বিএনপির সংসদ সদস্যরা
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ১২:১৫
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কোনো সংসদ সদস্য শুল্কমুক্ত (ট্যাক্স ফ্রি) গাড়ি কিংবা সরকারি কোনো প্লট গ্রহণ করবেন না।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত নতুন সরকারের সংসদীয় দলের প্রথম সভায় সর্বসম্মতিক্রমে এই নজিরবিহীন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খানএই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, দেশের প্রচলিত ধারার বাইরে এসে জনগণের সেবক হিসেবে কাজ করার অঙ্গীকার নিয়ে সংসদ সদস্যরা এই সুবিধা ত্যাগ করার ঘোষণা দিয়েছেন। সিদ্ধান্ত অনুযায়ী, বিএনপির কোনো সংসদ সদস্য ডিউটি ফ্রি গাড়ি আমদানির সুবিধা নেবেন না এবং সরকারিভাবে বরাদ্দকৃত কোনো প্লটও গ্রহণ করবেন না।
এদিকে সংসদীয় দলের এই গুরুত্বপূর্ণ সভায় দলের চেয়ারম্যান তারেক রহমানকে সর্বসম্মতিক্রমে সংসদ নেতা নির্বাচিত করা হয়েছে। সকালে প্রধান নির্বাচন কমিশনারের কাছে সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার পর বিএনপির সংসদ সদস্যরা এই বিশেষ সভায় মিলিত হন। সভায় উপস্থিত সকল সদস্য তারেক রহমানের নেতৃত্বের প্রতি পূর্ণ আস্থা ব্যক্ত করে তাকে সংসদ নেতা ও পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করার প্রস্তাব গ্রহণ করেন।
সংসদীয় দলের এই সিদ্ধান্তের পর সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হিসেবে তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠনের আনুষ্ঠানিক প্রস্তাব রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়েছে। আজ মঙ্গলবার বিকেল ৪টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রধানমন্ত্রী হিসেবে তার শপথ নেওয়ার কথা রয়েছে। রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন তাকে শপথ বাক্য পাঠ করাবেন।
তারেক রহমান সংসদ নেতা নির্বাচিত হওয়া এবং সংসদ সদস্যদের বিলাসিতা ত্যাগের এই সিদ্ধান্তে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা গেছে। দীর্ঘ দেড় যুগ পর বিএনপি ক্ষমতায় আসীন হতে যাওয়ায় এবং শুরুতেই এমন জনবান্ধব সিদ্ধান্ত নেওয়ায় সাধারণ মানুষের মধ্যেও ইতিবাচক প্রতিক্রিয়া দেখা দিচ্ছে।
উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে বিএনপি একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে এক ঐতিহাসিক বিজয় লাভ করে। আজ সকালেই দলটির সংসদ সদস্যরা আইনপ্রণেতা হিসেবে শপথ গ্রহণ সম্পন্ন করেছেন।
এমএইচএস

