Logo

রাজনীতি

বরিশাল-১ আসনে তিন যুগ পর মন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী হিসেবে শপথ নিলেন এম জহির উদ্দিন স্বপন

Icon

গাজী আরিফুর রহমান, বরিশাল

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:৪৮

তথ্য ও সম্প্রচারমন্ত্রী হিসেবে শপথ নিলেন এম জহির উদ্দিন স্বপন

তথ্য ও সম্প্রচারমন্ত্রী এম জহির উদ্দিন স্বপন

সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বরিশাল-১ (গৌরনদী ও আগৈলঝাড়া) নির্বাচনী এলাকায় মন্ত্রীবিহীন তিন যুগের অবসান হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন এ আসন থেকে তৃতীয়বারের মতো বিএনপির মনোনয়ন নিয়ে ধানের শীষ প্রতীকে বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত সংসদ সদস্য এম জহির উদ্দিন স্বপন।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পর বরিশাল-১ আসনজুড়ে উৎসবের আমেজ বিরাজ করছে। দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে দেখা গেছে আনন্দ-উচ্ছ্বাস।

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে ১ লাখ ৫৫২ ভোট পেয়ে বিশাল ব্যবধানে বিজয়ী হন এম জহির উদ্দিন স্বপন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী হাফেজ মাওলানা মো. কামরুল ইসলাম খান পেয়েছেন ৪৬ হাজার ২৬৩ ভোট।

ইতিহাস ঘেঁটে জানা গেছে, ১৯৭২ সালে তৎকালীন বাকেরগঞ্জ-১৩ আসনের (বর্তমান বরিশাল-১) সংসদ সদস্য আব্দুর রব সেরনিয়াবাত মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। পরে ১৯৮৬ থেকে ১৯৯০ সাল পর্যন্ত বাকেরগঞ্জ-১ (বর্তমান বরিশাল-১) আসনে এরশাদ সরকারের মন্ত্রিসভায় মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন সুনীল গুপ্ত। এরপর দীর্ঘ সময় এ আসনের কোনো সংসদ সদস্য মন্ত্রিসভায় স্থান পাননি।

যদিও ১৯৯৬ সালে এই আসনের সংসদ সদস্য আবুল হাসানাত আবদুল্লাহকে চিফ হুইপ করা হয় এবং ২০১৮ সালে তাকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় কমিটির আহ্বায়ক মনোনীত করা হয়েছিল, যা মন্ত্রীর পদমর্যাদাসম্পন্ন। তবে ১৯৯১ সালের নির্বাচনের পর থেকে বরিশাল-১ আসনের কোনো সংসদ সদস্যকে পূর্ণমন্ত্রী বা প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়নি।

এ কারণে সদ্য সমাপ্ত নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী তিনবারের সংসদ সদস্য জহির উদ্দিন স্বপনকে পূর্ণমন্ত্রী করার দাবি জানিয়ে আসছিলেন দুই উপজেলার বাসিন্দারা। অবশেষে সেই দাবি পূরণ হওয়ায় এলাকায় সন্তোষ প্রকাশ করা হয়েছে।

এ ব্যাপারে গৌরনদী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও বরিশাল জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক বদিউজ্জামান মিন্টু বলেন, ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী জহির উদ্দিন স্বপন একজন অভিজ্ঞ রাজনীতিবিদ। তিনি দলের চেয়ারপার্সনের উপদেষ্টা ও মিডিয়া সেলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর আগেও তিনি দুইবারের নির্বাচিত সংসদ সদস্য। তার মতো অভিজ্ঞ নেতাকে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ায় আমরা নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানাই।’

বরিশাল-১ আসনের সর্বস্তরের মানুষ মনে করছেন, দীর্ঘদিন পর এ আসনে পূর্ণমন্ত্রী পাওয়ায় এলাকার উন্নয়ন কর্মকাণ্ডে নতুন গতি সঞ্চার হবে। 

  • এইচকে/ 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় গণমাধ্যম

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর