Logo

রাজনীতি

বাবার ছেড়ে দেওয়া আসনে জাইমা কি লড়বেন?

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৬, ২১:০৯

বাবার ছেড়ে দেওয়া আসনে জাইমা কি লড়বেন?

জাইমা রহমান/ ছবি: সংগৃহীত

বগুড়া-৬ (সদর) আসন—যা বাংলাদেশের রাজনীতিতে ‘জিয়া পরিবারের দুর্গ’ হিসেবে পরিচিত—সেই আসন ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সদ্য সমাপ্ত জাতীয় নির্বাচনে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়া-৬ এবং ঢাকা-১৭—দুই আসন থেকেই জয়লাভ করেন। তবে সাংবিধানিক নিয়ম অনুযায়ী একটি আসন রাখতে হওয়ায় তিনি ঢাকা-১৭ রেখে বগুড়া-৬ ছেড়ে দিয়েছেন। ফলে সেখানে উপনির্বাচন অনিবার্য হয়ে উঠেছে।

এই উপনির্বাচনকে কেন্দ্র করেই আলোচনায় উঠে এসেছে একটি নাম—ব্যারিস্টার জাইমা রহমান। তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত গুঞ্জন, বাবার ছেড়ে দেওয়া এই ঐতিহাসিক আসন থেকেই সংসদীয় রাজনীতিতে অভিষেক হতে পারে তারেক কন্যা জাইমার। যদিও উত্তরসূরি হিসেবে এই আসনে আলোচনায় রয়েছেন তিনজন নারী।

ব্যারিস্টার জাইমা রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমানের একমাত্র কন্যা জাইমা রহমান। তরুণ প্রজন্মের কাছে তার জনপ্রিয়তা এবং আইনি ব্যাকগ্রাউন্ড তাকে আলোচনার কেন্দ্রে রেখেছে।

ডা. জুবাইদা রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী জুবাইদা রহমান। মার্জিত ব্যক্তিত্ব ও দলের ভেতরে তার ব্যাপক গ্রহণযোগ্যতার কথা নেতাকর্মীরা উল্লেখ করছেন।

এ ছাড়া আলোচনায় রয়েছেন প্রয়াত আরাফাত রহমান কোকোর সহধর্মিণী শর্মিলা রহমান।

বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা বলেন, ‘বগুড়া-৬ শুধু একটি আসন নয়, এটি আমাদের আবেগের জায়গা। দল যাকে মনোনয়ন দেবে, আমরা তার হয়েই কাজ করব।’

অন্যদিকে মাঠপর্যায়ের অনেক নেতাকর্মীর মত, দীর্ঘদিনের পরীক্ষিত ও স্থানীয় নেতাদের মধ্য থেকেও প্রার্থী বিবেচনা করা উচিত।

নাম প্রকাশে অনিচ্ছুক এক কেন্দ্রীয় নেতা বলেন, ‘বগুড়া-৬ থেকে এমন কাউকে প্রয়োজন, যিনি সরকারের শক্ত প্রতিনিধিত্ব করতে পারবেন।’

বিএনপির নয়া পল্টন কার্যালয়ের একটি বিশ্বস্ত সূত্র জানিয়েছে, বাবার ছেড়ে দেওয়া আসন থেকে উপনির্বাচনে লড়তে পারেন ব্যারিস্টার জাইমা রহমান। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে দলই।

বগুড়া শহরের সাতমাথা এলাকায় কয়েকজন ভোটারের সঙ্গে কথা বলে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গেছে। তাঁদের ভাষ্য, ‘দল এখন ক্ষমতায়। তাই আমরা এমন একজন সংসদ সদস্য চাই, যিনি এলাকার উন্নয়ন ত্বরান্বিত করতে পারবেন।’

তরুণ ভোটারদের বক্তব্য, শুধুমাত্র নামের জোরে নয়; শিক্ষিত ও আধুনিক মনমানসিকতার কাউকে তাঁরা চান, যিনি তরুণদের কর্মসংস্থান নিয়ে কাজ করবেন।

এএস/

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

তারেক রহমান বিএনপি জাইমা রহমান

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর