Logo

রাজনীতি

অসত্য ও বিভ্রান্তিকর তথ্য প্রচার না করার আহ্বান জামায়াতের

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ২০:৫৫

অসত্য ও বিভ্রান্তিকর তথ্য প্রচার না করার আহ্বান জামায়াতের

ছবি: সংগৃহীত

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে সম্ভাব্য নারী সংসদ সদস্যদের নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত অসত্য ও বিভ্রান্তিকর তথ্যের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি এ ধরনের অপপ্রচার থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানিয়েছে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে দলের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের বলেন, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে সংরক্ষিত নারী আসনে দলের সম্ভাব্য প্রার্থীদের বিষয়ে ভুয়া নাম প্রকাশ করে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। সেখানে দাবি করা হচ্ছে, দলের শীর্ষস্থানীয় কয়েকজন নেতার স্ত্রী বা নিকটাত্মীয়রা নারী সংসদ সদস্য হিসেবে মনোনয়ন পাচ্ছেন—যা সম্পূর্ণ অসত্য ও ভিত্তিহীন।

তিনি বলেন, জনমনে বিভ্রান্তি সৃষ্টির হীন উদ্দেশ্যে এ ধরনের অপপ্রচার চালানো হচ্ছে বলে দলটি মনে করে।

বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি ইসলামী, নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় পরিচালিত সংগঠন। জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের মনোনয়নসহ সংগঠনের সব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গঠনতন্ত্র অনুযায়ী গ্রহণ করা হয় এবং এখানে আত্মীয়তা বা স্বজনপ্রীতির কোনো সুযোগ নেই।

দলটির পক্ষ থেকে জানানো হয়, নারী সংসদ সদস্য মনোনয়ন প্রক্রিয়া সম্পূর্ণ গঠনতান্ত্রিক পদ্ধতিতে এবং মহিলা বিভাগের সঙ্গে পরামর্শক্রমে সম্পন্ন হবে।

সবশেষে অসত্য ও বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানানো হয় এবং দেশবাসীকে এ ধরনের অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ করা হয়।

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বাংলাদেশ জামায়াতে ইসলামী

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর