'চাঁদাবাজি বন্ধ না হলে শক্ত প্রতিরোধ গড়ে তোলা হবে'
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ২০:৪৮
জামায়াত আমির ও সংসদের প্রধান বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান/ ছবি: সংগৃহীত
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও সংসদের প্রধান বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, দেশজুড়ে শুরু হওয়া চাঁদাবাজি অবিলম্বে বন্ধ করতে হবে। তা না হলে দেশের মানুষকে সঙ্গে নিয়ে দেশব্যাপী শক্ত প্রতিরোধ গড়ে তোলা হবে। জীবনের বিনিময়ে হলেও মানুষের ভোটাধিকার রক্ষায় তাঁরা পিছপা হবেন না।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) বাংলাদেশ জামায়াতে ইসলামী কাফরুল উত্তর ও দক্ষিণ থানার উদ্যোগে মনিপুর উচ্চবিদ্যালয় (ব্রাঞ্চ–২, ইব্রাহিমপুর) প্রাঙ্গণে আয়োজিত বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, বাংলাদেশের মানুষ, বিশেষ করে যুবসমাজ, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে পরিবর্তনের পক্ষে ভোট দিয়েছে। কিন্তু ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’-এর মাধ্যমে নির্বাচনের ফলাফল বদলে দেওয়া হয়েছে বলে তিনি অভিযোগ করেন। আগামী নির্বাচনে প্রতিটি কেন্দ্র ও ঘাটে শক্ত পাহারা দেওয়া হবে, যাতে জনগণের ভোটের সঠিক মর্যাদা রক্ষা পায়।
তিনি বলেন, সংসদে গিয়ে জনগণের পক্ষে কথা বলা হবে, তাদের অধিকার আদায় করা হবে এবং ঢাকা–১৫ আসনকে একটি মডেল আসন হিসেবে গড়ে তোলা হবে। গত ৫৪ বছরে বাংলাদেশ বিভিন্ন রাজনৈতিক আদর্শ দেখেছে, কিন্তু ইসলামী আদর্শের শাসনের সুফল দেশের মানুষ দেখেনি—এমন মন্তব্যও করেন তিনি। সেই সুযোগ জনগণের হাতে ফিরিয়ে দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন জামায়াত আমির।
সরকারের প্রতি আহ্বান জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, চাঁদাবাজি অবিলম্বে বন্ধ করতে হবে। অন্যথায় সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে দেশে শক্ত প্রতিরোধ গড়ে তোলা হবে। এ ক্ষেত্রে কোনো আপস করা হবে না বলেও জানান তিনি।
বাংলাদেশ জামায়াতে ইসলামী কর্তৃক ঘোষিত ট্যাক্সমুক্ত গাড়ি ও সরকারি প্লট গ্রহণ না করার সিদ্ধান্ত এবং প্রবাসীদের মৃতদেহ সম্মানের সঙ্গে দেশে আনার প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য সরকারকে ধন্যবাদ জানান তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন। তিনি বলেন, ইসলামকে পরিপূর্ণভাবে মানতে হলে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা করতে হবে। বাংলাদেশ জামায়াতে ইসলামী কেবল বিরোধিতার জন্য বিরোধিতা করবে না; বরং সংসদে একটি অর্থবহ বিরোধী দল হিসেবে জনগণের অধিকার আদায়ে কাজ করবে।
ইফতার মাহফিলে কেন্দ্রীয় ও মহানগর কর্মপরিষদের নেতারা, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহসভাপতি লস্কর মোহাম্মদ তসলিম, মহানগর ও থানার কর্মপরিষদের সদস্য, ছাত্রশিবিরের নেতারা, ওলামা এবং স্থানীয় যুবপ্রতিনিধিসহ সহস্রাধিক মানুষ অংশ নেন।
অনুষ্ঠানের মাধ্যমে ভোটাধিকার, প্রশাসনিক স্বচ্ছতা ও দেশব্যাপী ন্যায়ের প্রতিষ্ঠা নিয়ে জনসচেতনতা বাড়ানো হয় বলে আয়োজকেরা জানান।

