Logo

রাজনীতি

আ.লীগ পুনর্বাসনে বিএনপি ভূমিকা রাখলে রাজনৈতিকভাবে সিদ্ধান্ত নেব : আসিফ

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ২১:৩৪

আ.লীগ পুনর্বাসনে বিএনপি ভূমিকা রাখলে রাজনৈতিকভাবে সিদ্ধান্ত নেব : আসিফ

রাজধানীর চকবাজার শাহী জামে মসজিদে ইফতার শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া/ ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, বিএনপি যদি সত্যিকার অর্থে আওয়ামী লীগকে (কার্যক্রম নিষিদ্ধ) পুনর্বাসন করতে চায়, তাহলে সেটি প্রকাশ্য ঘোষণা দিয়েই করা উচিত। মুখে এক কথা আর বাস্তবে ভিন্ন আচরণ—এটি গ্রহণযোগ্য নয়। বিএনপি যদি আওয়ামী লীগের পুনর্বাসনে কোনো ভূমিকা রাখে, তাহলে আমরা রাজনৈতিকভাবে সে বিষয়ে সিদ্ধান্ত নেব।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর ঐতিহাসিক চকবাজার শাহী জামে মসজিদে ইফতার শেষে তিনি এসব কথা বলেন।

আসিফ মাহমুদ বলেন, আওয়ামী লীগকে (কার্যক্রম নিষিদ্ধ) যদি পুনর্বাসন করতেই হয়, তবে তা স্পষ্ট ঘোষণা দিয়েই করা উচিত। মুখে এক কথা আর অন্তরে আরেক—এমন দ্বিমুখী অবস্থান গ্রহণযোগ্য নয়।

তিনি বলেন, আওয়ামী লীগের কয়েকজন শীর্ষ নেতা ও সাবেক এমপি, যাঁদের বিরুদ্ধে নানা অনিয়ম ও অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে, তাঁরা জামিন পাচ্ছেন। এমনকি চট্টগ্রামের আলোচিত ‘ইয়াবা বদি’ও জামিন পেয়েছেন। বিষয়গুলো রাজনৈতিকভাবে স্পষ্ট করা দরকার।

আওয়ামী লীগের পুনর্বাসন প্রসঙ্গে এনসিপির এই নেতা আরও বলেন, এটি শুধু তাঁদের দলের জন্য নয়, দেশের মানুষের জন্যও উদ্বেগের বিষয়। দেড় বছর আগে এ দেশে প্রায় দুই হাজার মানুষের প্রাণহানি ঘটেছে, আহত হয়েছেন প্রায় ৩০ হাজার মানুষ। জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি এখনো সবার কাছে তাজা।

আসিফ মাহমুদ বলেন, আওয়ামী লীগকে আবার রাজনীতিতে প্রাসঙ্গিক করে তোলার চেষ্টা হলে তা সবার জন্য উদ্বেগজনক হবে। সে জায়গা থেকে তাঁরা রাজনৈতিকভাবে কীভাবে বিষয়টি মোকাবিলা করবেন, সে বিষয়ে সিদ্ধান্ত নেবেন।

এএস/

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

জাতীয় নাগরিক পার্টি আওয়ামী লীগ জাতীয় পার্টি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর