সরকার পরামর্শ গ্রহণ না করলে বিরোধীদলের ভূমিকা পালন করবো : জামায়াত আমির
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ২০:৫৩
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান
সরকার পরামর্শ গ্রহণ না করলে বিরোধীদলের যে ভূমিকা, সেটিই পালন করা হবে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
তিনি বলেন, সরকারের গৃহীত সব সংগত পদক্ষেপে বিরোধীদলের পূর্ণ সমর্থন থাকবে। তবে আমাদের বিবেচনায় যদি দেখা যায়, সরকার কোনো অসংগত সিদ্ধান্ত বা পদক্ষেপ নিয়েছে, তাহলে আমরা প্রথমে দৃষ্টি আকর্ষণ করে সহযোগিতা করবো। সরকার আমাদের পরামর্শ গ্রহণ করলে আমরা কৃতজ্ঞ থাকবো, জাতিও উপকৃত হবে।
জামায়াত আমির বলেন, সরকার আমাদের পরামর্শ গ্রহণ না করলে বিরোধীদলের যে ভূমিকা, সেটিই আমরা পালন করবো। আমরা জাতীয় অধিকারের পক্ষে দাঁড়াবো এবং জাতিকেও আমাদের সঙ্গে শামিল থাকতে আহ্বান জানাবো।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাজধানীর চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে জামায়াতে ইসলামী আয়োজিত ইফতার মাহফিলে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াত নেতাদের ফাঁসি কার্যকরের সময় সাবেক প্রধানমন্ত্রী ও তৎকালীন বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়া হরতাল ঘোষণা দিয়েছিলেন উল্লেখ করে তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। তিনি বলেন, আজ তার (খালেদা জিয়া) সন্তানের ওপর দেশ পরিচালনার দায়িত্ব পড়েছে। আমরা গতানুগতিক কোনো বিরোধীদল হিসেবে এই সংসদে ভূমিকা রাখতে চাই না। আমরা চাই সংসদ হোক অর্থবহ, জনগণের সব চাওয়া-পাওয়ার কেন্দ্র।
শফিকুর রহমান বলেন, সরকারি দল যেমন দায়িত্বশীল ভূমিকা পালন করবে, আমরাও বিরোধীদলের অবস্থান থেকে দায়িত্বশীল ও গঠনমূলক ভূমিকা রাখতে চাই। অতীতে আমরা বিরোধীদল দেখেছি—নির্বাচন যেমন ‘আমি-ডামি’ ছিল, বিরোধীদলও তেমনি ‘আমি-ডামি’ ছিল। এ ধরনের বিরোধীদল কোনো দেশের জন্য ভালো বার্তা বয়ে আনতে পারে না।
ইফতার মাহফিলে প্রধানমন্ত্রী তারেক রহমান, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান ও মির্জা আব্বাস, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, জামায়াতের নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম ও আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হকসহ অন্যান্য রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।
এএস/

