Logo

রাজনীতি

গণভোটের রায়কে আদালতে নিয়ে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে : নাহিদ ইসলাম

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৩ মার্চ ২০২৬, ২৩:৪২

গণভোটের রায়কে আদালতে নিয়ে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে : নাহিদ ইসলাম

ছবি: সংগৃহীত

গণভোটের বৈধতাকে আদালতে নিয়ে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সংসদ সদস্য নাহিদ ইসলাম।

সোমবার (৩ মার্চ) কুমিল্লা স্টেশন ক্লাবে এনসিপির কুমিল্লা সাংগঠনিক বিভাগীয় ইফতার ও দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম বলেন, গণভোটের বৈধতাকে আদালতে নিয়ে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা চলছে। আমরা তা মেনে নেব না। যদি জনগণের রায়কে আদালতে নিয়ে যাওয়া হয়, আমাদেরও রাজপথে যেতে হবে। আমরা ‘জুলাইয়ের মতো’ স্লোগান দিতে চাই না—হাইকোর্ট না, রাজপথ। এই স্লোগান দিতে আমাদের বাধ্য করবেন না।

গণভোটের গণরায় অনুযায়ী দ্রুত সব সংস্কার বাস্তবায়নের দাবি জানিয়ে নাহিদ ইসলাম বলেন, জনগণের রায়কে আদালতে নিয়ে আদালতকেও প্রশ্নবিদ্ধ করবেন না।

ভারতের সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, ‘শেখ হাসিনা এবং শহিদ হাদী ভাইয়ের খুনিদের বাংলাদেশে পাঠাতে হবে। এরপরই ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক তৈরি হতে পারে। এ ছাড়া ভারতের সঙ্গে সুসম্পর্কের সুযোগ নেই।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে জাতীয় নাগরিক পার্টি-এনসিপির সদস্যসচিব আখতার হোসেন, দক্ষিণাঞ্চলের প্রধান সংগঠক হাসনাত আব্দুল্লাহ, উত্তরাঞ্চলের প্রধান সংগঠক সারজিস আলম, প্রধান সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ কেন্দ্রীয় ও বিভাগীয় নেতারা উপস্থিত ছিলেন।

এ ছাড়া অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় জোটের কুমিল্লা বিভাগীয় নেতারা উপস্থিত ছিলেন।

এএস/

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর