দুই সাবেক উপদেষ্টার গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ করবে জামায়াত
ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ০৬ মার্চ ২০২৬, ১২:৫০
রাজধানীতে সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’য়ের গুরুতর অভিযোগ তুলেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এ ঘটনায় অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক দুই প্রভাবশালী উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও ড. খলিলুর রহমানের গ্রেপ্তার দাবি জানিয়েছে দলটি।
এই দাবিতে আজ শুক্রবার (৬ মার্চ) বাদ জুমা বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশ ও মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে জামায়াত। শুক্রবার সকালে দলের ভেরিফায়েড ফেসবুক পেজে এক বার্তায় এ কর্মসূচির কথা জানানো হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারের।
দলের শীর্ষ নেতাদের অভিযোগ, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের প্রকৃত রায় কারচুপির মাধ্যমে পরিবর্তন করা হয়েছে। তাদের দাবি, এই নির্বাচনী ষড়যন্ত্রের পেছনে সাবেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও ড. খলিলুর রহমানের সরাসরি সম্পৃক্ততা ছিল। জামায়াতের মতে, সাম্প্রতিক সময়ে সাবেক উপদেষ্টাদের বিভিন্ন বক্তব্য থেকে ইঙ্গিত পাওয়া যায় যে, দেশি-বিদেশি শক্তির যোগসাজশে নির্বাচনের ফলাফল পূর্বনির্ধারিত পরিকল্পনা অনুযায়ী সাজানো হয়েছিল।
এদিকে বৃহস্পতিবার রাজধানীতে আয়োজিত এক উলামা সমাবেশে বক্তব্য দিতে গিয়ে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার নির্বাচনকে ঘিরে গভীর ষড়যন্ত্রের অভিযোগ তোলেন। তিনি বলেন, নির্বাচনের পেছনের রহস্য ধীরে ধীরে উন্মোচিত হচ্ছে এবং এই ঘটনার নেপথ্যে যারা জড়িত, তাদের মুখোশ জাতির সামনে তুলে ধরতে হবে।
তিনি আরও অভিযোগ করেন, বর্তমান সরকার আদালতের দোহাই দিয়ে ‘জুলাই সনদ’ ও ‘গণভোট’কে অবৈধ ঘোষণার অপচেষ্টা চালাচ্ছে বলেও দাবি করেন।
এসএসকে/

