মির্জা আব্বাসের শারীরিক অবস্থার সর্বশেষ তথ্য
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১৫ মার্চ ২০২৬, ২০:৪৮
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস/ ছবি: সংগৃহীত
উন্নত চিকিৎসার জন্য প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি সেখানে নিউরো আইসিইউতে চিকিৎসাধীন। তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছে একটি দলীয় সূত্র।
সূত্রটি জানায়, মির্জা আব্বাসকে নিয়ে এয়ার অ্যাম্বুলেন্স নিরাপদে সিঙ্গাপুরে পৌঁছেছে। বিমানবন্দর থেকে দ্রুত অ্যাম্বুলেন্সে করে তাঁকে জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকদের সঙ্গে কথা হয়েছে বলে জানিয়েছে সূত্রটি। চিকিৎসকেরা জানিয়েছেন, তাঁকে হাসপাতালের নিউরো ডিপার্টমেন্টের নিউরো আইসিইউতে ভর্তি করা হয়েছে। সাড়ে তিন ঘণ্টার ভ্রমণে তাঁর কোনো অসুবিধা হয়নি এবং তিনি নিরাপদে আছেন।
সূত্রটি আরও জানায়, রোববার (১৫ মার্চ) সকাল সাড়ে ১১টায় মির্জা আব্বাসকে নিয়ে এয়ার অ্যাম্বুলেন্সটি সিঙ্গাপুরের উদ্দেশ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। আড়াইটা নাগাদ সেটি সিঙ্গাপুরে পৌঁছায়।
এর আগে গত বুধবার ইফতারে পানি পানের সময় হঠাৎ জ্ঞান হারিয়ে ফেললে তাঁকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতাল সূত্রে জানা গেছে, ভর্তির পর সিটি স্ক্যান রিপোর্টে জটিলতা ধরা পড়লে ভার্চুয়াল মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে শুক্রবার দুই দফায় তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন হয়।
এএস/

