Logo

রাজনীতি

যুদ্ধ বন্ধ করে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জামায়াত আমিরের

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ মার্চ ২০২৬, ২০:৩০

যুদ্ধ বন্ধ করে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জামায়াত আমিরের

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে ইরানে সাম্প্রতিক আক্রমণ ও পাল্টা আক্রমণে সৃষ্ট যুদ্ধাবস্থা বন্ধ করে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান।

শুক্রবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ আহ্বান জানান।

ফেসবুক পোস্টে তিনি বলেন, ইরানকে কেন্দ্র করে চলমান সংঘাত ইতোমধ্যেই ভয়াবহ পরিস্থিতির জন্ম দিয়েছে, যার ফলে বিপুল প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এ যুদ্ধ পরিস্থিতি শুধু সংশ্লিষ্ট অঞ্চলেই সীমাবদ্ধ নয়, বরং গোটা বিশ্বে আতঙ্ক ছড়িয়ে দিয়েছে এবং বৈশ্বিক অর্থনীতি ও জ্বালানি প্রবাহকে মারাত্মক ঝুঁকির মুখে ফেলেছে।

তিনি উল্লেখ করেন, এই সংকটের প্রভাব বাংলাদেশেও পড়তে শুরু করেছে। জ্বালানি সংকটকে কেন্দ্র করে দেশের জনজীবনে দুর্ভোগ বাড়ছে এবং সামনে তা আরও তীব্র হতে পারে। বিশেষ করে ঈদ ও রোজা উপলক্ষে দীর্ঘ ছুটির পর ২৯ মার্চ থেকে অফিস-আদালত ও কলকারখানা পূর্ণমাত্রায় চালু হলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, জ্বালানি সংকট শুধু পরিবহন বা বিদ্যুৎ খাতেই সীমাবদ্ধ থাকবে না; বরং শিল্প, কৃষি ও উৎপাদনসহ সামগ্রিক অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলবে। এমনকি বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হলে ইন্টারনেট ব্যবস্থাও ক্ষতিগ্রস্ত হতে পারে বলে তিনি সতর্ক করেন।

জ্বালানি সংকটের কারণে দেশের জনজীবনে সৃষ্ট চরম ভোগান্তির কথা উল্লেখ করে তিনি বলেন, ‘জ্বালানি সংগ্রহের জন্য মানুষকে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে হচ্ছে। ঈদ ও রোজার দীর্ঘ ছুটি শেষে আগামী ২৯ মার্চ থেকে অফিস-আদালত ও কলকারখানা পূর্ণরূপে চালু হলে এই সংকট আরও ভয়াবহ রূপ নিতে পারে।’ তিনি সতর্ক করেন যে, এই সংকট কৃষি, উৎপাদন ও বিদ্যুৎ সরবরাহের পাশাপাশি ইন্টারনেটের গতিকেও ক্ষতিগ্রস্ত করবে।

বিরোধীদলীয় নেতা যুদ্ধের সঙ্গে সম্পৃক্ত সকল পক্ষকে উদ্দেশ্য করে বলেন, ‘আপনাদের এই যুদ্ধের দাবানল বিশ্বের শত শত কোটি মানুষের যন্ত্রণা ও দুঃখের কারণ হয়ে দাঁড়িয়েছে। দয়া করে বিশ্ববাসীকে আর কষ্ট দেবেন না। কোনো সমস্যা থাকলে তা শান্তিপূর্ণ উপায়ে সমাধানের পথ খুঁজে বের করুন।’

দেশের অভ্যন্তরীণ পরিস্থিতির প্রেক্ষাপটে রাজনৈতিক দলগুলোর প্রতি ঐক্যের ডাক দিয়ে তিনি আরও বলেন, ‘এটি রাজনৈতিক পয়েন্ট-স্কোরিংয়ের সময় নয়, বরং ঐক্যের সময়। জনগণের স্বার্থে সব রাজনৈতিক ভেদাভেদ ভুলে আমাদের এক হয়ে এই সংকট মোকাবিলা করতে হবে।’

জামায়াত আমির আরও বলেন, ‘মনে রাখবেন, আপনাদের এই যুদ্ধের দাবানল বিশ্বের শতশত কোটি মানুষের যন্ত্রণা ও দুঃখের কারণ হয়ে দাঁড়িয়েছে। দয়া করে বিশ্ববাসীকে আর কষ্ট দেবেন না।’

পরিশেষে তিনি যুদ্ধরত সকল পক্ষের প্রতি আহ্বান জানিয়ে বলেন, অবিলম্বে যুদ্ধ বন্ধ করে পারস্পরিক সমস্যার শান্তিপূর্ণ সমাধান খুঁজে বের করতে হবে। অন্যথায় এই সংঘাতের আগুন বিশ্বব্যাপী কোটি কোটি মানুষের জন্য দুর্ভোগ ও কষ্টের কারণ হয়ে দাঁড়াবে।

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর