গণভোটে জনরায় মেনে না নিয়ে প্রতারণা করছে বিএনপি : জামায়াত
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৬, ২০:৪৫
বিএনপি রাজনৈতিক সংকট তৈরি করছে উল্লেখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, গণভোটে দেশের ৭০ শতাংশ জনগণের রায় মেনে না নিয়ে বিএনপি শুধু প্রতিশ্রুতি ভঙ্গ করছে না, জনগণের সঙ্গে প্রতারণাও করছে। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এবং বর্তমান সরকারের মন্ত্রীরাও গণভোটে হ্যাঁ ভোট চেয়েছেন। কিন্তু গণভোটে হ্যাঁ জয়যুক্ত হওয়ার পর মানছে না দলটি।
গতকাল বিকেলে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে দেশব্যাপী গণসংযোগ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
গোলাম পরওয়ার বলেন, বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী যদি গণভোটে হ্যাঁ ভোট দিয়ে থাকেন, তাহলে তিনি কেন এ রায় বাস্তবায়ন করছেন না। গণভোট বাতিল করার অর্থ হচ্ছে নিজের দেওয়া ভোটকে নিজেই অস্বীকার করছেন প্রধানমন্ত্রী।
ফ্যাসিবাদের পথে বিএনপি ফিরতে চায় জানিয়ে তিনি বলেন, ৮৪টি সংস্কার প্রস্তাবের মধ্যে বিএনপি যেসব প্রস্তাবে নোট অব ডিসেন্ট দিয়েছে, গণভোট জয়যুক্ত হওয়ার সঙ্গে সঙ্গে সেসব বাতিল হয়ে গেছে। এজন্যই বিএনপির মাথা খারাপ হয়ে গেছে। তারা ছলেবলে কৌশলে ফ্যাসিবাদের পথে ফিরে যেতে চায়।
জামায়াত সেক্রেটারি বলেন, গণভোটের রায় বাস্তবায়নের জন্য আমাদের রাজপথে ঠেলে দিচ্ছে সরকার। আমরা ৭০ শতাংশ জনগণের রায় বাস্তবায়নের লক্ষ্যে জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে এসেছি। সংসদে সরকার জুলাই সনদ বাস্তবায়নের উদ্যোগ না নিলে রাজপথেই সমাধান হবে। সরকারের যাত্রা দেখে মনে হয় সরকার ফ্যাসিবাদের পথে যাত্রা শুরু করছে। এজন্য জনগণের মুখোমুখি না হতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
উল্লেখ্য, সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান করে গণভোটের রায় বাস্তবায়ন ও জ্বালানি সংকট নিরসনের দাবিতে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ৯ এপ্রিল থেকে ১৫ এপ্রিল পর্যন্ত সারাদেশে গণসংযোগ অভিযান কর্মসূচি পরিচালিত হবে।
বাংলাদেশের খবর/কেএইচ

