Logo

রাজনীতি

ইনসাফের বাংলাদেশ গড়তে ঐক্য চাই : জামায়াত আমির

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২৫, ১৫:১৫

অ
ইনসাফের বাংলাদেশ গড়তে ঐক্য চাই : জামায়াত আমির

নাটোরে কর্মী সম্মেলনে বক্তব্য দিচ্ছেন জামায়াত আমির | ছবি : সংগৃহীত

জুলুম কিংবা আমানতের খেয়ানত নয়, ইনসাফের বাংলাদেশ গড়তে ঐক্য চান বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শুক্রবার (৩ জানুয়ারি) নাটোর নবাব সিরাজ-উদ-দ্দৌলা সরকারি কলেজ মাঠে জেলা জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

জামায়ত আমির বলেন, ‘১০ মাসের সন্তান থেকে শুরু করে ৮০ বছরের বৃদ্ধ— সবাই জুলাই আন্দোলনে নেমেছিল। সকল শ্রেণিপেশার মানুষ আন্দোলনে সংহতি জানিয়েছিল। তারা চেয়েছে বৈষম্যহীন সমাজ। তারা বলেছে, আমরা চাঁদাবাজির বিরুদ্ধে,সন্ত্রাসের বিরুদ্ধে। কিন্তু আওয়ামী লীগ বিভিন্ন দলের দেশপ্রেমিক নেতাকর্মীদের ওপর নির্যাতন চালিয়েছে। নির্বাচন তাদের জন্য, যারা দেশ ও দেশের মানুষকে আমানত মনে করে। আমরা চাই অতিদ্রুত সংস্কার করে বর্তমান সরকার দেশে একটি নির্বাচন দিক।’

ড. শফিকুর বলেন, ‘স্বাধীনতার পরে দফায় দফায় যারা ক্ষমতায় এসেছে তারা আমানতের খেয়ানত করেছে। কম-বেশি সবাই এদেশের মানুষককে কষ্ট দিয়েছে, জুলুম করেছে। সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে গত ১০ বছর। পট পরিবর্তনের পর নেতাকর্মীদের বলেছি, সবাইকে ধৈর্য ধরতে হবে। আলহামদুলিল্লাহ, সবাই সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছিল। আন্দোলনে হতাহতদের পাশে দাঁড়িয়েছিল। আমরা যুবকের হাতকে দেশ গড়ার হাতে পরিণত করতে চাই।’

তিনি আরও বলেন, ‘আমরা বিদেশী বন্ধু চাই, প্রভু চাই না। আমরা পিন্ডির হাত থেকে মুক্ত হয়েছি অন্য কারো হাতে যাওয়ার জন্য নয়। কারো লাল চোখ আমরা দেখতে চাই না। আমরা বৈষম্যহীন মানবিক সমাজ গড়তে চাই। আমরা বিভেদ নয়, ঐক্য চাই। এদেশের হিন্দু-মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাই দেশের গর্বিত নাগরিক।’

এটিআর/

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন