Logo

রাজনীতি

গণতন্ত্রের জন্য বিরোধী দলের সমালোচনা জরুরি: রিজভী

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৮ মে ২০২৬, ১৬:০০

গণতন্ত্রের জন্য বিরোধী দলের সমালোচনা জরুরি: রিজভী

শক্তিশালী গণতন্ত্রের জন্য বিরোধী দলের সমালোচনা জরুরি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক বিষয়ক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। 

তিনি বলেছেন, বিরোধী দল বিভিন্ন সমালোচনা করতেই পারে। তবে সমালোচনাটা যেন গঠনমূলক হয়। সরকারের ভুল থাকলে সেই ভুলগুলো দেখিয়ে দিলে গণতন্ত্র শক্তিশালী হয়। রাষ্ট্র আরও কার্যকর ও কর্মক্ষম হয়। 

শুক্রবার (৮ মে) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। 

আগামীকাল শনিবার (৯ মে) সারাদেশের সাংগঠনিক ইউনিটের সঙ্গে দিনব্যাপী মতবিনিময় সভা করবেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। সভায় অংশ নেবেন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের সারাদেশের জেলা ও মহানগরের শীর্ষ দুই নেতা। 

রিজভী বলেন, বিরোধী দল যদি উদ্দেশ্যমূলকভাবে সরকারকে বিপদে ফেলার জন্য বিভিন্ন কর্মসূচি হাতে নেয় এবং মিথ্যা কথা বলে যায়, তাহলে সেটা ষড়যন্ত্র। শেখ হাসিনা ক্ষমতায় থেকে এবং ক্ষমতার বাইরেও অনেক মিথ্যা কথা বলেছেন। যদি সেই ধরনের রাজনীতি হয়, তাহলে সেটা ষড়যন্ত্র। 

তিনি বলেন, বিরোধী দল গঠনমূলক সমালোচনা করলে গণতন্ত্র শক্তিশালী হবে। জনগণ যদি মনে করে বিরোধী দলের কথা ইতিবাচক, তাহলে জনগণই সেটার মূল্যায়ন করবে। জনগণই হচ্ছে চূড়ান্ত বিচারক। আগামী নির্বাচনে জনগণই বিবেচনা করবে সরকার সঠিক কাজ করেছে কি না।

প্রধানমন্ত্রী এই রাজনৈতিক উপদেষ্টা বলেছেন, গণতন্ত্রে সরকার তার কাজ করবে, আর বিরোধী দল সরকারের সমালোচনা করবে—এটাই স্বাভাবিক। তবে সেই সমালোচনা হতে হবে গঠনমূলক। তবে উদ্দেশ্যমূলকভাবে সরকারকে বিপদে ফেলতে মিথ্যা তথ্য ছড়িয়ে কর্মসূচি নেওয়া হলে সেটি ষড়যন্ত্রের অংশ হয়ে দাঁড়াবে। 

রিজভী বলেন, গণতন্ত্রের জন্য আমরা ১৬ বছর লড়াই করেছি। কত জীবন চলে গেছে—শিশু, ছাত্র, শিক্ষক, শ্রমিক। গণতন্ত্র মানেই সরকার তার কাজ করবে আর বিরোধী দল তার সমালোচনা করবে। এটাই মূল এবং এটাই হওয়া উচিত। 

এ সময় আরও উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী ছাত্রদলের সহ-সভাপতি ডাক্তার আউয়াল সহ বিভিন্ন পর্যায়ের নেতারা।


বাংলাদেশের খবর/এইচআর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন