Logo

রাজনীতি

ছাত্রদলের সভাপতি পদে আলোচনায় আরিফুল ইসলাম আরিফ

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৮ জুন ২০২৬, ১৮:২৪

ছাত্রদলের সভাপতি পদে আলোচনায় আরিফুল ইসলাম আরিফ

আরিফুল ইসলাম আরিফ, ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি গঠন ঘিরে সংগঠনটির নেতাকর্মীদের মধ্যে জোর আলোচনা চলছে। সম্ভাব্য সভাপতি পদে যাদের নাম বেশি উচ্চারিত হচ্ছে, তাদের মধ্যে অন্যতম বর্তমান কেন্দ্রীয় সহ-সভাপতি আরিফুল ইসলাম আরিফ।

সভাপতি পদ পেতে দৌড়ঝাপ ও কাজ করে চলেছেন আরিফুল ইসলাম আরিফ। 

বিএনপির অঙ্গ সংগঠনটির সংশ্লিষ্টরা জানান, দলের প্রয়োজনে এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ছড়িয়ে দিতে সদা সচেষ্ট আরিফ। দলের দুঃসময়ে সব সময় তাকে মাঠে ও রণাঙ্গনে পাওয়া গেছে। 

সংগঠন সংশ্লিষ্টরা জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবুজ প্রাঙ্গণ থেকে রাজনৈতিক জীবনের পথচলা শুরু আরিফের। রাজপথের আন্দোলন-সংগ্রাম, সাংগঠনিক কার্যক্রম এবং বিভিন্ন কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে তিনি নেতাকর্মীদের মধ্যে পরিচিতি ও গ্রহণযোগ্যতা অর্জন করেছেন।

ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা জানান, অতীতের আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা রাখতে গিয়ে তিনি একাধিকবার মামলা ও হামলার শিকার হয়েছেন এবং কারাবরণও করেছেন। এসব ত্যাগ ও সংগ্রামের কারণে নতুন কমিটিতে তাকে সভাপতি হিসেবে দেখতে চান সংগঠনের অনেক নেতা-কর্মী।

আরিফুল ইসলাম আরিফ ছাত্রদলের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। তিনি কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার ⁠যুগ্ম-আহ্বায়ক ও সূর্যসেন হল শাখা ছাত্রদলের একই পদে ছিলেন। 

দলের প্রয়োজনে মামলাও খেয়েছেন তিনি। তার নামে চারটি মামলা রয়েছে। ২০১২ সালে সরকারবিরোধী মিছিল থেকে প্রথমবার গ্রেপ্তার হন তিনি। 

২০২৩ সালের ⁠২৮ অক্টোবরের ঘটনায় পুলিশ কনস্টেবল আমিরুল হত্যার মিথ্যা অভিযোগে ডিবি পুলিশের রিমান্ডে ১৭ ঘণ্টা অমানষিক নির্যাতনের শিকার হন তিনি।

জুলাই আন্দোলনের সময় ২০ জুলাই রামপুরায় পুলিশের টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেডের আঘাতে মাথায় গুরুতর আঘাত পেয়ে মাল্টিকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।

গণ-অভ্যুত্থানে ২০২৪ সালের ⁠৩১ জুলাই অনুষ্ঠিত ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচিতে অংশ নিতে গিয়ে ঢাকার হাইকোর্টের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

⁠২০২২ সালের ২৬ মে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের হামলায় গুরুতর আহত হয়ে টানা চার দিন শমরিতা হাসপাতালের আইসিইউতে মৃত্যুর সঙ্গে লড়াই করেছেন আরিফ। 

একই বছরের ⁠৮ ডিসেম্বর নয়াপল্টনে পার্টি অফিসের সামনে পুলিশের টিয়ারশেলে গুরুতর আহত হন তিনি।

এ ছাড়া আরো আট বার হামলার শিকার হয়েছেন তিনি।

টাঙ্গাইল শহরে বেড়ে ওঠা এই ছাত্রনেতা সভাপতি হওয়ার দৌড়ে এগিয়ে আছেন বলেও দলীয় সূত্রে জানা গেছে।

তবে ছাত্রদলের নতুন কেন্দ্রীয় কমিটি কবে ঘোষণা করা হবে সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। দলীয় সূত্র বলছে, চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বাংলাদেশের খবর/আরইউ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন