Logo

রাজনীতি

জামায়াত আমিরের সঙ্গে ফ্রান্স রাষ্ট্রদূতের বৈঠক

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ জুন ২০২৬, ১৫:৫৬

জামায়াত আমিরের সঙ্গে ফ্রান্স রাষ্ট্রদূতের বৈঠক

বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন ফ্রান্সের রাষ্ট্রদূত জঁ-মার্ক সেরে-শার্লেটে। 

বৃহস্পতিবার (২৫ জুন) সকাল সাড়ে ১১টায় জাতীয় সংসদ ভবনে বিরোধীদলীয় নেতার কার্যালয়ে তাদের এ সাক্ষাৎ হয়। রাষ্ট্রদূতের সঙ্গে এ সময় উপস্থিত ছিলেন ফ্রান্স দূতাবাসের পলিটিক্যাল এ্যাটাচি এমিলি পালাউয়ান।

এক বিবৃতিতে জামায়াতে ইসলামী জানায়, বৈঠকটি অত্যন্ত আন্তরিক, সৌহার্দ্যপূর্ণ ও উষ্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশে নির্বাচন পরবর্তী চলমান রাজনৈতিক পরিস্থিতি, গণতান্ত্রিক ও সাংবিধানিক প্রতিষ্ঠান টেকসইকরণ, মানবাধিকার পরিস্থিতি, বাংলাদেশ ও ফ্রান্সের পারস্পরিক সম্পর্ক এবং বাণিজ্যিক ও অর্থনৈতিক সহযোগিতার বিষয়ে খোলামেলা আলোচনা হয়।

সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিতে প্রয়োজনীয় সংস্কারের ওপর বৈঠকে গুরুত্ব আরোপ করা হয়। বিদেশি বিনিয়োগ আকর্ষণ করার জন্য দুর্নীতি নিরসন ও আইনের শাসন প্রতিষ্ঠায় সংশ্লিষ্ট সকলের দায়িত্বশীল ভূমিকা নিয়েও বৈঠকে আলোচনা হয়।

বিরোধীদলীয় নেতা বাংলাদেশের সঙ্গে ফ্রান্সের দীর্ঘদিনের কূটনৈতিক সম্পর্কের প্রশংসা করেন এবং বাংলাদেশের সার্বিক উন্নয়নে সহযোগিতা অব্যাহত রাখার জন্য ফ্রান্সের প্রতি আহ্বান জানান। ভবিষ্যতে দুই দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও বেগবান হবে বলে আশা প্রকাশ করা হয়।

আলোচনাকালে বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান এবং পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুর উপস্থিত ছিলেন।


বাংলাদেশের খবর/এইচআর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন