Logo

রাজনীতি

রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াত

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৮ আগস্ট ২০২৬, ২৩:৪২

রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াত

ছবি: সংগৃহীত

আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার (৮ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের বিষয়ে জানানো হয়।

সন্ধ্যা সাতটায় এ বৈঠক শুরু হয়। বৈঠকে সভাপতিত্ব করেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। বৈঠকে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ নির্বাহী পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।

দুদিন আগে মিয়া গোলাম পরওয়ার গণমাধ্যমকে বলেছিলেন, তারা রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবেন না।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। সেখানে সর্বসম্মতভাবে সিদ্ধান্ত হয়েছে, জামায়াত রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ করবে। এ লক্ষ্যে রোববার (৯ আগস্ট) ১১-দলীয় ঐক্যের শীর্ষ বৈঠক আহ্বান করা হয়েছে। বিরোধী দলের প্রার্থী দেওয়ার বিষয়টি ১১-দলীয় ঐক্যের বৈঠকে চূড়ান্ত করা হবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, জামায়াতের নির্বাহী পরিষদের বৈঠকে দেশের বিরাজমান সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি, সংবিধান সংস্কার ইস্যু ও ১১-দলীয় ঐক্য ঘোষিত রাজনৈতিক কর্মসূচিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

১১-দলীয় ঐক্যের একটি সূত্র বলছে, রাষ্ট্রপতি হিসেবে জোটের শরিক এলিডিপির প্রেসিডেন্ট অলি আহমদ, আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের নাম বিবেচনায় রয়েছে। 

রাষ্ট্রপতির পদ থেকে গত ২৪ জুলাই পদত্যাগ করেন মো. সাহাবুদ্দিন। নিয়ম অনুযায়ী, রাষ্ট্রপতির পদত্যাগের পরবর্তী ৯০ দিনের মধ্যে ইসিকে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের আয়োজন করতে হয়।

গত বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত তফসিল অনুযায়ী, ভোট গ্রহণের তারিখ ২০ আগস্ট।

এদিকে ১ আগস্ট বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে রাষ্ট্রপতি পদে দলীয় প্রার্থী মনোনয়নের দায়িত্ব দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপর ন্যস্ত করা হয়। 

বাংলাদেশের খবর/আরইউ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন