Logo

রাজনীতি

বুধবার দেশে ফিরবেন মির্জা আব্বাস

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৩০ আগস্ট ২০২৬, ১৬:৩১

বুধবার দেশে ফিরবেন মির্জা আব্বাস

ছবি: সংগৃহীত

মালয়েশিয়ায় টানা পাঁচ মাস চিকিৎসা শেষে মেডিকেল বোর্ডের অনুমতি নিয়ে আগামী বুধবার দেশে ফিরছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

মালয়েশিয়া থেকে তার স্ত্রী আফরোজা আব্বাস রোববার (৩০ আগস্ট) গণমাধ্যমকে বলেন, আলহামদুলিল্লাহ মির্জা আব্বাস আগামী ২ সেপ্টেম্বর মালয়েশিয়া থেকে দেশে ফিরছেন। দেশে ফেরার সব প্রস্তুতি শেষ হয়েছে। আশা করছি, বাংলাদেশ বিমানের ফ্লাইটে রাত সাড়ে ৯টায় ঢাকায় পৌঁছাব উনাকে নিয়ে। তার শারীরিক অবস্থা অনেকটা ভালো। তবে তাকে চিকিৎসার মধ্যে থাকতে হবে। প্রতিদিন উনাকে থেরাপি দিতে হবে; তার ব্যবস্থাও করা হয়েছে।

শাহজাহানপুরে নিজের বাসভবনে গত ১১ মার্চ ইফতারের সময়ে হঠাৎ জ্ঞান হারালে মির্জা আব্বাসকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরদিনই নিউরো বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে মেডিকেল টিম তার মতিষ্কে অস্ত্রোপচার করে।

১৫ মার্চ উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে এভারকেয়ার হাসপাতাল থেকে এয়ার অ্যাম্বুলেন্সে করে নেওয়া হয় সিঙ্গাপুরে জেনারেল হাসপাতালে। সেখানে টানা এক মাসের চিকিৎসায় তিনি অনেকটাই সুস্থ্য হয়ে ওঠেন। পরে চিকিৎসকদের পরামর্শে গত ১৪ এপ্রিল তাকে ভর্তি করা হয় মালয়েশিয়ার প্রিন্স কোর্ট হাসপাতালে। সেখানে এতদিন তার ফিজিওফেরাপি চলছিল।

আফরোজা আব্বাস বলেন, মির্জা আব্বাস দেশে ফেরার জন্য উদগ্রিব হয়ে উঠেছেন। গত কয়েক সপ্তাহ ধরে দেশে যাবেন বলে তাগাদা দিচ্ছেন। চিকিৎসকরা তার সব পরীক্ষা-নিরীক্ষার রিপোর্টগুলো পর্যালোচনা করে দেশে ফেরার অনুমতি দিয়েছেন। তবে চিকিৎসক বোর্ড বলেছেন, তাকে প্রতিদিন ফিজিও থেরাপি দিতে হবে।

এদিকে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খানও মির্জা আব্বাসের দেশে ফেরার কথা জানিয়েছেন। তিনি বলেন, ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাস এখন অনেকটাই সুস্থ। আগামী বুধবার রাত ৯টায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে তার ঢাকায় ফেরার কথা রয়েছে।

শায়রুল কবির খান বলেন, দীর্ঘ চিকিৎসা–পুনর্বাসনের পর মেডিকেল বোর্ডের পরামর্শে মির্জা আব্বাস দেশে ফিরছেন। তিনি মালয়েশিয়া থেকে দেশে ফিরবেন।

বাংলাদেশের খবর/আরইউ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন