ছবি : সংগৃহীত
অন্য ভাবনায় না গিয়ে নির্বাচনের দিকে এগোনো উচিত বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
রোববার (১২ জানুয়ারি) বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে ইউরোপিয়ান ইউনয়িনের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলারে বৈঠকের পর সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
দলের অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, ‘প্রয়োজনীয় সংস্কার করে চলতি বছরেই জাতীয় নির্বাচন সম্পন্ন করা অত্যন্ত জরুরি বলে মনে করে বিএনপি।’
আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে যে বিষয়গুলো গুরুত্বপূর্ণ বা যা নিয়ে সবার মনে প্রশ্ন আছে সেগুলো হচ্ছে, কবে নির্বাচন হতে যাচ্ছে? সংস্কারের ব্যাপারে যে আলোচনা হয়েছে, সেই সংস্কারের ব্যাপারে আমাদের ভাবনা কী? মূলত নির্বাচনের রোডম্যাপ নিয়ে আলোচনা হয়েছে।’
তিনি বলেন, ‘এই বছরের মধ্যে নির্বাচন সম্পন্ন হওয়া অত্যন্ত জরুরি। বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত রাখার জন্য অন্য কোনো ভাবনার দিকে না গিয়ে সরাসরি জাতীয় নির্বাচনের দিকে এগোনো উচিত।’
খসরু বলেন, ‘অগণতান্ত্রিক সরকারের রাজনৈতিক ওয়েট থাকে না। তাদের মবিলাইজেশন প্রসেস থাকে না, জনগণের সঙ্গে সংশ্লিষ্টতা থাকে না। জনগণের কাছ থেকে কোনো ফিডব্যাকও তারা পায় না। এ কারণেই একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় যত তাড়াতাড়ি ফিরে যাওয়া সম্ভব, সেদিকে আমরা জোর দিয়েছি।’
ডিআর/এমজে

