Logo

রাজনীতি

বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিবকে শোকজ

Icon

বরিশাল প্রতিনিধি

প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৫, ২২:০২

অ
বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিবকে শোকজ

ছবি : বাংলাদেশের খবর

বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক ও সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদারকে শোকজ (কারণ দর্শানোর) নোটিশ পাঠিয়েছে কেন্দ্রীয় বিএনপি। দলীয় নিষেধাজ্ঞা উপেক্ষা করে গত শনিবার মোটরসাইকেল শোভাযাত্রা আয়োজন করায় তাদের বিরুদ্ধে এ নোটিশ দেওয়া হয়।

সোমবার (১৩ জানুয়ারি) দুপুরে বিএনপির পক্ষ থেকে ফারুক ও জিয়া সিকদারের কাছে পাঠানো শোকজ নোটিশে তাদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে জবাব দিতে বলা হয়েছে। 

নোটিশে উল্লেখ করা হয়েছে, দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে বরিশাল বিমানবন্দর থেকে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রাসহ নগরীতে প্রবেশ করেছেন। আপনারা কেনো সাংগঠনিক শাস্তির আওতায় পড়বেন না, এ বিষয়ে লিখিত জবাব পাঠাবেন। 

ফারুক ও জিয়া সিকদার শোকজ নোটিশ পাওয়ার কথা নিশ্চিত করেছেন এবং জবাব দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন।

বরিশাল মহানগর বিএনপির আভ্যন্তরীণ বিরোধের মধ্যে এ শোকজ নোটিশ দেওয়া হয়েছে। আগামী সম্মেলনের বিষয়টি কেন্দ্রীয় বিএনপির হাতে থাকলেও মহানগরে নেতাদের মধ্যে বিরোধ তুঙ্গে উঠেছে। দুই নেতা শোডাউন প্রদর্শনের জন্য তাদের অনুসারীদের নিয়ে নথুল্লাবাদ বাস টার্মিনাল থেকে মোটরসাইকেল শোভাযাত্রা শুরু করেন, যা পরে দলের কার্যালয়ে গিয়ে শেষ হয়। সেখানে তাদের বিরুদ্ধে কিছু নেতারা ক্ষোভ প্রকাশ করেন।

দলীয় সিদ্ধান্তের বরখেলাপ ও বিরোধীদের তোপের মুখে দলীয় সিনিয়র নেতারা বিষয়টি গুরুত্ব দিয়ে কেন্দ্রীয় মহাসচিব রূহুল কবির রিজভীর মাধ্যমে শোকজ নোটিশ পাঠিয়েছেন।

বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান বলেন, দলে নির্দেশনা ছিল শোডাউন নিষিদ্ধ। বরিশালে যা হয়েছে তা দলীয় শৃঙ্খলার চরম বিরোধী। সাধারণ জনগণও এতে বিরূপ প্রতিক্রিয়া জানিয়েছে। এজন্য তাদের শোকজ করা হয়েছে।

তিনি জানান, বরিশাল মহানগর বিএনপিতে কোনো সাংগঠনিক সংস্কার নেই। বরং এটি এখন এক অস্থির রাজনৈতিক পরিস্থিতিতে পরিণত হয়েছে। তিনি অভিযোগ করেন, অনেক বড় নেতারা রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে কাজ করছেন, যা দলের শৃঙ্খলার ক্ষতি করছে।

জেআই জুয়েল/এমবি 

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন