সংস্কারের নামে কালক্ষেপণ করা যাবে না : রিজভী
মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট, রাজশাহী
প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৫, ১৩:৪৬
ছবি : বাংলাদেশের খবর
সংস্কারের নামে কালক্ষেপণ করা যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকালে রাজশাহী মহানগর যুবদলের শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
রুহুল কবির রিজভী বলেন, ‘সংস্কারের নামে কালক্ষেপণ না করে দ্রুত নির্বাচন দিতে হবে। দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা করতে হবে।’
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ‘সব ক্ষেত্রে প্রয়োজনীয় সংস্কার দরকার। কিন্তু সেটা নিয়ে বেশি দেরি করা উচিত হবে না। ১৭ বছর দেশের মানুষ ভোট দেওয়া থেকে বিরত রয়েছে। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচিত করতে উদগ্রীব দেশের মানুষ।’
তিনি আরও বলেন, ‘বাংলাদেশকে পার্শ্ববর্তী দেশের কাছে ইজারা দিয়ে রেখেছিল শেখ হাসিনা। ভারতের সম্পর্ক ছিল হাসিনার সাথে, বাংলাদেশের সাথে নয়।’
শেখ হাসিনার পরিবারের সদস্যরা ভয়ঙ্কর দুর্নীতি করেছে উল্লেখ করে তিনি বলেন, ‘বাংলাদেশ শেখ হাসিনার কাছে ছিল টাকার খনি। পরিবারের সদস্যসহ ঘনিষ্ঠরা টাকা পাচার করবেন, এটিই ছিল তাদের উদ্দেশ্য। ভয়ঙ্কর দুর্নীতিবাজ ছিল শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা। ভারতের প্রত্যাশার চেয়ে বেশি কি এমন দেওয়া হয়েছে, তা জানতে চায় দেশের জনগণ।’
এমজে

