শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জের ঘটনায় নাগরিক কমিটির নিন্দা
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৫, ০৮:১০
ছবি : সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয় নাগরিক কমিটি। শুক্রবার (১৭ জানুয়ারি) কমিটির মুখপাত্র সামান্তা শারমিন প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানানো হয়েছে।
এর আগে বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিকেলে ‘সংক্ষুব্ধ ছাত্র জনতা’র ব্যানারে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি পালনকালে আন্দোলনকারীদের ওপর লাঠি চার্জ করে পুলিশ। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী গুরুতর আহত হন। বিশেষ করে একজন নারী শিক্ষার্থীকে লাঠিচার্জ করার দৃশ্য প্রকাশ হলে বিষয়টি আরও তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করে।
এ ঘটনার নিন্দা জানিয়ে জাতীয় নাগরিক কমিটি বলে, ‘আমরা অত্যন্ত উদ্বেগের সাথে লক্ষ্য করেছি যে, আন্দোলনরত একজন নারী শিক্ষার্থীকে বর্বর কায়দায় কয়েকজন পুলিশ সদস্য লাঠিচার্জ করেছেন। জাতীয় নাগরিক কমিটি এই বর্বর পুলিশী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে।’
‘পুলিশের এমন মারমুখী আচরণ ফ্যাসিবাদি ব্যবস্থার স্থায়িত্বের প্রমাণ করে’ উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘ঔপনিবেশিক কাঠামোয় গঠিত ও ফ্যাসিবাদি কাঠামোয় বিকশিত হওয়া পুলিশী ব্যবস্থার আমূল সংস্কার অত্যাবশ্যক বলে মনে করে জাতীয় নাগরিক কমিটি।’
পুলিশ সংস্কার কমিশনের প্রতি আহ্বান জানিয়ে তারা বলেন, ‘ইতোমধ্যে পুলিশী ব্যবস্থা সংস্কারের উদ্দেশে পুলিশ সংস্কার কমিশন গঠিত হয়েছে। আমরা কমিশনের প্রতি আহ্বান জানাই, ফ্যাসিবাদ উত্তর এই সময়ে পুলিশী ব্যবস্থাকে কার্যকর ও জনমুখী ব্যবস্থায় পরিণত করতে আপনারা সরকারের নিকট দ্রুত প্রস্তাব পেশ করুন। অতিদ্রুত পুলিশী ব্যবস্থার মৌলিক সংস্কার কার্যক্রম সম্পন্ন করতে জাতীয় নাগরিক কমিটি অন্তবর্তীকালীন সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছে।’
ডিআর/এটিআর

