Logo

রাজনীতি

বৈষম্যমুক্ত সমাজ গঠনে ইসলামী আদর্শের বিকল্প নেই : মহিলা মজলিস

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৫, ১৯:২২

অ
বৈষম্যমুক্ত সমাজ গঠনে ইসলামী আদর্শের বিকল্প নেই : মহিলা মজলিস

বৈষম্যমুক্ত সমাজ গঠনে ইসলামী আদর্শ প্রতিষ্ঠার বিকল্প নেই বলে জানিয়েছেন বাংলাদেশ ইসলামী মহিলা মজলিসের কেন্দ্রীয় সভানেত্রী নাসরিন কাদের।

তিনি বলেন, ইসলাম নারীদের যে মর্যাদা ও অধিকার দিয়েছে তা বাস্তবায়ন করতে পারলেই বর্তমান বিশ্বে নারী অধিকার প্রতিষ্ঠা সম্ভব।

বাংলাদেশ ইসলামী মহিলা মজলিসের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘বৈষম্যমুক্ত সমাজ গঠনে নারী সমাজের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

শুক্রবার (১৭ জানুয়ারি) রাজধানীর সেগুনবাগিচার বাংলাদেশ শিশুকল্যাণ পরিষদ মিলনায়তনে এ আলোচনা সভার আয়োজন করা হয়। 

নাসরিন কাদের বলেন, একমাত্র ইসলামী অনুশাসন পালনের মাধ্যমে দুনিয়ার কল্যাণ ও আখেরাতের মুক্তি সম্ভব। তাই ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে ইসলামী আদর্শ বাস্তবায়ন করতে হবে। এ জন্য নারীদেরকেও স্বীয় দায়িত্ব পালন করতে হবে।

তিনি আরও বলেন, ইসলামী মহিলা মজলিস নারী সমাজের মাঝে ইসলামের আলো ছড়াতে চায়। কুরআন-সুন্নাহর আলোকে নারীদের আলোকিত করতে চায়। ইসলামী সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠায় নারীদেরকে সচেতন করে তুলতে চায়। নারী অধিকার প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করতে চায়। 

মহিলা মজলিসের কেন্দ্রীয় অফিস সম্পাদিকা সুরাইয়া খন্দকারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মাঝে আলোচনা পেশ করেন, সাধারণ সম্পাদিকা রায়হানা লোপা, সহসাধারণ সম্পাদিকা রওশন আরা পলি, সালমা আক্তার।

এসময় উপস্থিত ছিলেন, আমেনা খাতুন, পারভীন আক্তার, তিথি মমতাজ, আয়েশা খাতুন প্রমুখ।

ডিআর/এটিআর

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন