Logo

রাজনীতি

একাত্তর নিয়ে বিএনপি নেতার বক্তব্যের প্রতিবাদ জানাল জামায়াত

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৫, ১৯:২২

অ
একাত্তর নিয়ে বিএনপি নেতার বক্তব্যের প্রতিবাদ জানাল জামায়াত

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হাফিজ ইব্রাহিম শনিবার (১৮ জানুয়ারি) একটি বক্তব্যে জামায়াতে ইসলামীকে স্বাধীনতা যুদ্ধের বিরোধী এবং তাদের বিরুদ্ধে দেশের মা-বোনদের সম্ভ্রমহানি ও হত্যার অভিযোগ তুলেছেন। এ বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

রোববার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় এক বিবৃতিতে জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি মতিউর রহমান আকন্দ এ প্রতিবাদ জানান।

বিবৃতিতে তিনি হাফিজ ইব্রাহিমের বক্তব্যকে ‘ভিত্তিহীন ও মিথ্যা’ বলে অভিহিত করেছেন। তিনি দাবি করেছেন, জামায়াতে ইসলামী ও তার নেতাদের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের কোনো সত্যতা নেই। তিনি বলেন, ‘হাফিজ ইব্রাহিমের বক্তব্য সম্পূর্ণভাবে মিথ্যা এবং তা রাজনৈতিক উদ্দেশ্যেপ্রণোদিত। এসব অভিযোগ আদালতে কখনোই প্রমাণিত হয়নি।’

মতিউর রহমান আকন্দ বলেন, ‘১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় জামায়াতে ইসলামী এবং তার নেতাদের বিরুদ্ধে স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা বা কোনো অপরাধের সঙ্গে জড়িত থাকার অভিযোগ কখনোই আদালতে প্রমাণিত হয়নি।’

তিনি উল্লেখ করেন, জামায়াতে ইসলামী দেশের নির্বাচন প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণকারী একটি দল। ১৯৭৯ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত অনুষ্ঠিত বিভিন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত উল্লেখযোগ্য আসন লাভ করেছে। বিশেষ করে ১৯৯১ সালের নির্বাচনে জামায়াত ১৮টি আসনে জয়লাভ করে বিএনপিকে ক্ষমতায় আনার জন্য সমর্থন দিয়েছিল। পরবর্তীতে ২০০১ সালের জাতীয় নির্বাচনে বিএনপির সঙ্গে জোটবদ্ধ হয়ে জামায়াতে ইসলামী ১৭টি আসনে জয় লাভ করে এবং সরকারের অংশ হয়, যেখানে তাদের দুজন মন্ত্রীও ছিলেন।

জামায়াতের এই নেতা বিএনপি নেতা হাফিজ ইব্রাহিমের প্রতি আহ্বান জানিয়েছেন, তিনি যাতে মিথ্যা ও ভিত্তিহীন বক্তব্য দেওয়া থেকে বিরত থাকেন। আকন্দ বলেন, ‘হাফিজ ইব্রাহিম তার বক্তব্যের মাধ্যমে শুধু নিজের নয়, বরং তার দলের ভাবমর্যাদা ক্ষুণ্ন করেছেন।’

বিবৃতি প্রকাশের মাধ্যমে জামায়াতে ইসলামী তাদের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের প্রতিবাদ জানিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে। দলটি আরও বলেছে, রাজনৈতিক উদ্দেশ্যে এমন অভিযোগ দেশের রাজনৈতিক পরিবেশে অস্থিতিশীলতা সৃষ্টি করতে পারে। তাই সকলকে অযথা মিথ্যা মন্তব্য থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।

ডিআর/এমজে

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন