অস্থিরতা নিয়ন্ত্রণে ধৈর্য ধরে পা ফেলতে হবে : মির্জা ফখরুল
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৫, ১৪:৫৭
ছবি : সংগৃহীত
অস্থিরতা নিয়ন্ত্রণে ধৈর্য ধরে পা ফেলতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (২১ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন, ‘দেশে যে অস্থিরতা চলছে, সেটি নিয়ন্ত্রণ করতে হলে ধৈর্য ধরে পা ফেলতে হবে। কোনো হঠকারিতা করা যাবে না। প্রয়োজনের সঙ্গে সঙ্গে ব্যবস্থা পাল্টায়। আরও বিপদ যেন ডেকে না আনি।’
বিএনপি মহাসচিব বলেন, ‘অতিবিপ্লবী চিন্তা-ভাবনা নিয়ে সমাজে অস্থিরতা ও নৈরাজ্য সৃষ্টি করা ঠিক হবে না। এ মুহূর্তে সব পাল্টে দেব, এ মূহুর্তে দখল করব, এ মুহূর্তে সব অন্যায় দূর করব- এটা হয় না। ধাপে ধাপে যেতে হবে।’
তিনি বলেন, ‘সরকার অনেকগুলো কমিশন করেছেন কিন্তু শিক্ষার সংস্কারে কোনো কমিশন হয়নি। এটা করা উচিত ছিল। শিক্ষাব্যবস্থা ও শিক্ষা একদম শেষ হয়ে গেছে।’
শিক্ষা ছাড়া সমাজ পরিবর্তন সম্ভব নয় উল্লেখ করে তিনি আরও বলেন, ‘প্রাইমারি থেকে বিশ্ববিদ্যালয় সব জায়গায় মান এত নিচে নেমে গেছে, তা বলে বোঝানো যাবে না। অসংখ্য স্কুল ও কলেজ তৈরি হয়েছে, যেখানে শিক্ষক নেই। শিক্ষা ঠিক না হলে সমাজের কোনো পরিবর্তন হবে না।’
ডিআর/এমজে

