চলতি বছরের মধ্যেই নির্বাচন চায় বিএনপি-খেলাফত মজলিস
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৫, ১৩:০৫
ছবি : বাংলাদেশের খবর
প্রয়োজনীয় সংস্কার শেষে ২০২৫ এর মধ্যেই জাতীয় নির্বাচন চায় বিএনপি ও খেলাফত মজলিস।
বুধবার (২২ জানুয়ারি) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে খেলাফত মজলিসের সাথে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এক ব্রিফিং এ কথা জানান খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আব্দুল কাদের।
তিনি বলেন, ‘খেলাফত মসলিসের পক্ষ থেকে আমরা ৯ জন প্রতিনিধি বিএনপি মহাসচিব ও স্থায়ী কমিটির অন্যতম সদস্য নজরুল ইসলাম খানের সাথে দীর্ঘ আলোচনার প্রেক্ষিতে সাতটি বিষয়ে একমত হয়েছি।’
তিনি জানান, ‘এ সাতটি বিষয় হচ্ছে, জাতীয় এক্য সুসংহত করার জন্য আন্তঃদলীয় সংলাপ অব্যাহত রাখা। প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে ২০২৫ এর মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত করা। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের উদ্যোগ নিতে হবে। ইসলামী মূল্যবোধ সমুন্নত রাখা ও ধর্মীয় সম্প্রীতি রক্ষার জন্য সবাইকে ইতিবাচক ভূমিকা পালন করতে হবে। পতিত স্বৈরাচার, ফ্যাসিবাদ যেন মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সেজন্য জাতীয় ঐক্য অটুট রাখতে হবে। খুন, গুম হত্যা নির্যাতনের সাথে যারা জড়িত দ্রুত বিচার ব্যবস্থার মধ্যে এনে তাদের বিচার ব্যবস্থা করা। আওয়ামী সরকারের সময়ে আলেম ওলামা ও রাজনৈতিক নেতাকর্মীদের উপর দায়েরকৃত সকল মিথ্যা মামলা দ্রুত প্রত্যাহার করতে হবে।’
এ মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাছিত আজাদ, মহাসচিব ডক্টর আহমদ আব্দুল কাদের, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানসহ আরও অনেকে।

