Logo

রাজনীতি

সৈয়দ ফয়জুল করিম

চাঁদাবাজের চেহারা পরিবর্তন হয়েছে, চাঁদাবাজি বন্ধ হয়নি

Icon

ভাংগা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৫, ০৭:৫৭

অ
চাঁদাবাজের চেহারা পরিবর্তন হয়েছে, চাঁদাবাজি বন্ধ হয়নি

ছবি : বাংলাদেশের খবর

ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেছেন, বৈষম্য দূর করতে গত ৫ আগস্ট রক্ত ও জীবন দিয়ে আন্দোলন সংগ্রাম করে ফ্যাসিস্ট সরকারকে হটিয়ে ভেবেছিলাম এবার চাঁদাবাজি, দুর্নীতি ও মাস্তানি বন্ধ হবে। কিন্তু আমরা দেখলাম এখনো বন্ধ হয়নি। চাঁদাবাজের চেহারার পরিবর্তন হয়েছে। কিন্তু চাঁদাবাজি বন্ধ হয়নি।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বিকেলে ফরিদপুরের ভাঙ্গা দক্ষিণপাড় বাসস্ট্যান্ড সংলগ্ন টার্মিনালে ইসলামী আন্দোলন বাংলাদেশ ভাঙ্গা উপজেলা শাখার আয়োজিত এক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন।

সৈয়দ ফয়জুল করিম আরো বলেন, চাঁদাবাজি, দুর্নীতি ও মাস্তানি থেকে মুক্তি পেতে হলে শুধু দলের পরিবর্তন করলে হবে না। নেতার পরিবর্তন করলে হবে না, নীতিরও পরিবর্তন করতে হবে।

তিনি বলেন, হাত পাখা হচ্ছে শান্তির প্রতীক। হাতপাখা এমন একটা প্রতীক যে নির্বাচন করে সেও চালাতে পারে, যারা ভোট দেয় তারাও চালাতে পারে। হাতপাখা হিন্দু-মুসলমান সকলেরই প্রয়োজন। হাতপাখা হক ও বাতিলের পার্থক্যের প্রতীক। আপনারা যদি সকলে হাত পাখায় চলে আসেন তাহলে দুনিয়াতেও শান্তি পাবেন, আখিরাতেও শান্তি পাবেন।

গণসমাবেশে আরও বক্তব্য রাখেন- ইসলামী আন্দোলন বাংলাদেশের ঢাকা মহানগর দক্ষিণের উপদেষ্টা মুফতি আনোয়ার হোসেন, ফরিদপুর জেলা সভাপতি মুফতি মোস্তফা কামাল, ফরিদপুর জেলা সাধারণ সম্পাদক হাফেজ মিজানুর রহমান, ফরিদপুর জেলা সাংগঠনিক সম্পাদক মো. জাহিদ হাসান, সদরপুর উপজেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ মাস্টার, চরভদ্রাসন উপজেলা সভাপতি মুফতি সেলিম হোসাইন প্রমুখ। 

বক্তারা এ সময়ে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে সংঘটিত গণহত্যার বিচার, দুর্নীতিবাজদের গ্রেপ্তার, তাদের সম্পদ বাজেয়াপ্ত করে তাদের জাতীয় নির্বাচনে অযোগ্য ঘোষণা করার দাবি জানান। এছাড়াও তারা আগামী জাতীয় নির্বাচন সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে করার দাবি করেন।

মোসলেউদ্দিন/এমবি 

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন