জামায়াতের আমির
মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত যুদ্ধ চলবে
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৫, ১৪:২৪
ছবি : বাংলাদেশের খবর
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমাদের যুদ্ধ চলবে। যারা দেশকে ভালোবাসে তারা মৃত্যুকে চায়ের পেয়ালার মত মনে করেন।
শুক্রবার (২৪ জানুয়ারি) দুপুরে কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে জামায়াতের কর্মী সম্মেলনে তিনি এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার আমির মাওলানা আব্দুল মতিন ফারুকী।
জামায়াতের আমির বলেন, উন্নয়নের নামে আওয়ামী লীগ ২৬ লাখ কোটি টাকা পাচার করেছে। সেই ফ্যাসিস্টদের আশ্রয় বাংলার মাটিতে হবে না। সব হত্যার বিচার চাই। অগ্রাধিকার ভিত্তিতে উন্নয়ন কাজ করা হবে। সত্যের পথে দেশ গড়ার জন্য জামায়াতের পাশে থাকবেন।
ডা. শফিকুর রহমান আরও বলেন, কুড়িগ্রামের বড়াইবাড়ী যুদ্ধের প্রতিশোধ নিতে পিলখানা হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। সমাজে অনাচার ও চাঁদাবাজি যারা করবে, তাদের বিরুদ্ধে আমরা মুখ বন্ধ করে থাকবো না। এ জন্য আমরা রাজনীতি করি।
কর্মী সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল প্রমুখ। এছাড়া জেলার বিভিন্ন উপজেলা, ইউনিয়ন পর্যায়ের হাজার হাজার নেতাকর্মীরা সম্মেলনে অংশ নেন।
ফজলুল করিম ফারাজী/এমবি

