নিউমার্কেট থানায় হামলায় ছাত্রদলের ২ নেতা বহিষ্কার
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৫, ২১:৫৫
রাজধানীর নিউমার্কেট থানায় হামলার ঘটনায় ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসাইন ওরফে মিথুন ও সহসাধারণ সম্পাদক রিয়াজুল হাসান ওরফে রাসেলকে বহিষ্কার করেছে সংগঠনটি।
শুক্রবার সন্ধ্যায় ছাত্রদলের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম বলেন, পুলিশের অভিযোগের ভিত্তিতে প্রাথমিকভাবে আমরা দুজনকে সাময়িক বহিষ্কার করেছি। এ নিয়ে অধিকতর তদন্ত হবে। তদন্তের পর চূড়ান্ত সিদ্ধান্ত আসবে।
এর আগে শুক্রবার ভোরে ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসাইনকে ছিনিয়ে নিতে পুলিশের ওপর হামলা করেন অনুসারীরা। এতে ডিএমপির সহকারী কমিশনার (এসি) তারিক লতিফসহ পাঁচ পুলিশ সদস্য আহত হন।
এ ঘটনায় পুলিশ একটি মামলা করেছে। মামলায় ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি বহিষ্কার হওয়া মোহাম্মদ হোসাইনও মামলাটির আসামি।
আদালত সূত্রে জানা গেছে, হামলার ঘটনা পুলিশের করা মামলায় গ্রেপ্তার দুইজনকে আদালত ১ দিনের রিমাণ্ড মঞ্জুর করেছেন। বাকিদের কারাগারে পাঠানোর নির্দেশন দেন।
এনএমএম/বিএইচ

