দেশের প্রশ্নে আমরা সবাই এক ও অভিন্ন : রহমাতুল্লাহ
বরিশাল ব্যুরো
প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২৫, ১৯:৩২
ছবি : বাংলাদেশের খবর
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মো. রহমাতুল্লাহ বলেছেন, রাজনীতিতে মতের পার্থক্য থাকবে। মতের মধ্যে পার্থক্য থাকাটাই গণতন্ত্রের সৌন্দর্য। দেশের উন্নয়নের স্বার্থে সবাইকে একত্রিত হয়ে কাজ করতে হবে। দেশের প্রশ্নে আমরা সবাই এক ও অভিন্ন।
রোববার (২৬ জানুয়ারি) সকালে বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজ প্রাঙ্গণে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে শীতবস্ত্র বিতরণ ও রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দেশের শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থার ভঙ্গুর দশা নিয়ে উদ্বেগ প্রকাশ করে রহমাতুল্লাহ বলেন, আমাদের দেশের সবচেয়ে খারাপ অবস্থা হলো স্বাস্থ্য ব্যবস্থা। বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে গেলেই দেখা যায়, সুস্থ মানুষও অসুস্থ হয়ে যাবে। অথচ উন্নত রাষ্ট্রের দায়িত্ব একজন বয়স্ক মানুষকে বাসা থেকে হাসপাতালে নিয়ে চিকিৎসা শেষে আবার বাসায় পৌঁছে দেওয়া।
তিনি আরও বলেন, উন্নত রাষ্ট্র হলে একটি শিশুর জন্মের পর থেকে তার লেখাপড়া শেষ হওয়া পর্যন্ত দায়িত্ব রাষ্ট্রের।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সরকারি ব্রজমোহন কলেজের ছাত্রদল নেতা আকবর মুবিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি বিএম কলেজের অধ্যক্ষ শেখ মো. তাজুল ইসলাম, সমাজকল্যাণ বিভাগের অধ্যাপক আবু তাহের মোহাম্মদ রাশেদুল ইসলাম, পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মো. রাশেদ খান শাহীন এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক মো. আব্দুল আলীম।
এ সময় আরও উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য লাবণ্য আক্তার, কামরুল ইসলাম হাবিবসহ অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ছাত্রদল নেতা আরিফুর রহমান হৃদয়।
জেআই জুয়েল/এমবি

