Logo

রাজনীতি

আসছে নতুন রাজনৈতিক দল

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:২০

অ
আসছে নতুন রাজনৈতিক দল

বাংলাদেশের রাজনীতিতে নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। বুধবার (৫ ফেব্রুয়ারি) এক যৌথ সংবাদ সম্মেলনে তারা এ ঘোষণা দেন। 

তারা জানান, সারা দেশে জনমত সংগ্রহ কর্মসূচির মাধ্যমে জনগণের মতামত নিয়ে দলটির নীতিমালা নির্ধারণ করা হবে। 

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার রক্তক্ষয়ী অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী সরকারের পতন ঘটে এবং নতুন ছাত্র-জনতার অভ্যুত্থান সরকার প্রতিষ্ঠিত হয়। তবে, আন্দোলনের মূল লক্ষ্য ‘ফ্যাসিবাদী কাঠামোর সম্পূর্ণ বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত’ প্রতিষ্ঠা এখনো অসমাপ্ত। নতুন রাজনৈতিক দলটি এই অসমাপ্ত কাজ সম্পন্ন করতে চায়।

সংবাদ সম্মেলনে নেতারা বলেন, ‘২০২৪ সালের ৫ই আগস্ট ছাত্র-জনতার রক্তক্ষয়ী অভ্যুত্থানের মুখে গণহত্যাকারী আওয়ামী ফ্যাসিবাদী লীগের পতন ঘটে এবং ছাত্র-জনতার অভ্যুত্থানের সরকার প্রতিষ্ঠিত হয়। ফ্যাসিবাদী আওয়ামী লীগের পতন ঘটলেও রাষ্ট্রীয় কাঠামোতে বিদ্যমান ফ্যাসিবাদী উপাদানের বিলোপ ঘটেনি । গণঅভ্যুত্থানের এক দফা তথা ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়ন, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ প্রদান এবং সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচারের বাংলাদেশ গড়ার কাজ এখনো অসমাপ্ত রয়ে গেছে।’ 

তারা জানান, ‘এই জনপদের মানুষ ১৯৪৭-এর পাকিস্তান আন্দোলন, ১৯৭১ এর মহান মুক্তিযুদ্ধ, ১৯৯০ এর অভ্যুত্থানের মধ্য দিয়ে একটি জুলুম-শোষণহীন গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা বারবার ব্যক্ত করেছে। কিন্তু বিদ্যমান রাজনৈতিক দলগুলো তা ধারণ করতে ব্যর্থতার পরিচয় দিচ্ছে। ফলে অভ্যুত্থানের শক্তি ছাত্র-তরুণরা অভ্যুত্থানের মধ্য দিয়ে সৃষ্টি হওয়া নতুন আকাঙ্ক্ষা ও রাষ্ট্রকল্পকে ধারণ করে বাংলাদেশের ফ্যাসিবাদবিরোধী জনতাকে সাথে নিয়ে একটি রাজনৈতিক দল গঠনের উদ্যোগ নিয়েছে।’

এদিকে বুধবার দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভেরিফায়েড ফেসবুক পেজে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং তথ্যমন্ত্রণালয়ের উপদেষ্ট নাহিদ ইসলামের বক্তব্য সম্বলিত একটি ফটোকার্ড পোস্ট করা হয়েছে। এতে বলা হয়েছে, ‘গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্র-তরুণদের নেতৃত্বে আসছে নতুন রাজনৈতিক দল।’

‘৫ আগস্টের পর বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরা নিজ নিজ ব্যানারে চলে গেছেন। কিন্তু যাদের কোনো দল নেই, তাদের মধ্যেও একধরনের রাজনৈতিক আকাঙ্ক্ষা আছে। নেতৃত্ব বা রাষ্ট্র গঠনে তারাও ভূমিকা রাখতে চান। এই শক্তিটাকে সংহত করার জন্য একটা রাজনৈতিক দলের প্রয়োজন।’

একই সময়ে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট দিয়েছেন ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহও। 

তিনি লিখেন, ‘ছাত্র-তরুণদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল আসছে! আপনি কেমন দল চান আমরা তা জানতে চাই এবং সে আদলেই দলটি গড়তে চাই। কমেন্টে দেয়া ফর্মে আপনার মতামত জানান। ফর্মটি পূরণ করতে মাত্র ৫ মিনিট সময় লাগবে ‘ 

এছাড়াও বিষয়টি নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলমও ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন।

ডিআর/এটিআর/এনএমএম

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন