অপারেশন ‘ডেভিল হান্ট’ একটি কার্যকর পদক্ষেপ : ইসলামী আন্দোলন
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ২২:০০
অপারেশন ‘ডেভিল হান্ট’ একটি কার্যকর পদক্ষেপ বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলনের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ। রোববার (৯ ফেব্রুয়ারি) বিকেলে পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ইসলামী আন্দোলনের সচিব পর্ষদের সভায় তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, ‘স্বৈরশাসন অবসানের পর দেশ স্থিতিশীল করতে এবং জনশৃঙ্খলা ফিরিয়ে আনতে ডেভিল নিধন অপরিহার্য ছিল। সরকার দেরিতে হলেও সেই কাজ শুরু করেছে। সেজন্য তাদের ধন্যবাদ।’
ইউনুছ আহমাদ আরও বলেন, ‘পতিত স্বৈরাচারের আস্ফালন ও অপরাধীদের নিরাপদে বিচরণ করার খবর জনমনে ক্ষোভের সঞ্চার করেছে, যার সর্বশেষ বহিঃপ্রকাশ দেখা গেছে গত কয়েক দিনে। একটি কার্যকর রাষ্ট্রে আইন বহির্ভুত ভাঙচুর গ্রহণযোগ্য না হলেও স্বৈরাচারের নির্লজ্জতা তার পটভূমি এবং ন্যায্যতা তৈরি করেছে।’
ইসলামী আন্দোলনের মহাসচিব বলেন, ‘বিপ্লবের পর স্বৈরাচারের বিচারের দায়িত্ব সরকারকেই নিতে হয়। সে জন্য অপারেশন ‘ডেভিল হান্ট’ একটি কার্যকর পদক্ষেপ হবে বলে আমরা আশা করি। তবে কোনো অবস্থাতেই যেন আইনের ব্যত্যয় না ঘটে। অপরাধী যত বড়ই হোক বা তার পাপের পাল্লা যত ভারীই হোক, তার বিচার আইনের মাধ্যমেই হতে হবে এবং আইন প্রয়োগে অবশ্যই বিদ্যমান রীতি-নীতির কঠোর অনুসরণ করতে হবে।’
ডিআর/এমজে

