অপারেশন ডেভিল হান্টকে আরও শক্তিশালী করার আহ্বান ইসলামী আন্দোলনের
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:১৯
ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম-মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম অন্তর্বর্তীকালীন সরকারের অপারেশন ডেভিল হান্ট কর্মসূচির প্রসংশা করে বলেন, দেরিতে হলেও সরকার ফ্যাসিবাদ ও সন্ত্রাস নির্মূলে ভালো একটা উদ্যোগ গ্রহণ করেছে। আমরা আশা করবো সরকার এ কর্মসূচি বাস্তবায়নে আরও সাহসী ভূমিকা পালন করবে। সেই সাথে সকল অপরাধীদের গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসতে সক্ষম হবে।
সোমবার বিকেল ৪টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত নিয়মিত সাপ্তাহিক বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।
সভাপতির বক্তব্যে মাওলানা ইমতিয়াজ আলম আরও বলেন, ডেভিল হান্ট কর্মসূচিতে নিরীহ মানুষ যেন হয়রানির শিকার না হন সেদিকে সরকারকে সতর্ক থাকতে হবে।
তিনি বলেন, নতুন বাংলাদেশে আমরা আর কোনো ফ্যাসিবাদ দেখতে চাই না। কোনো প্রকার বৈষম্য দেখতে চাই না। চাঁদাবাজ আর লুটেরাদের সামাজিকভাবে বয়কট করতে হবে। চিহ্নিত সকল অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসতে হবে।
সভায় আরও বক্তব্য রাখেন আলহাজ আলতাফ হোসাইন, আলহাজ আনোয়ার হোসাইন, আলহাজ আবদুল আউয়াল, ডা. শহীদুল ইসলাম, মাওলানা আবদুর রাজ্জাক, কেএম শরীয়াতুল্লাহ, মাওলানা মাকসুদুর রহমান, ফজলুল হক মৃধা, আলহাজ নজরুল ইসলাম খোকন, শেখ আবু তাহের, মাওলানা গোলামুর রহমান আজম, মুফতি আবদুল আহাদ, মাওলানা নাজিমুদ্দিন, মুহাম্মদ শফিকুল ইসলাম, হাফেজ মাওলানা সালাউদ্দিন প্রমুখ।
এএইচএস/বিএইচ

