ছবি : বাংলাদেশের খবর
ভারতের দাদাগিরি আর চলবে না বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবদীন ফারুক।
মঙ্গলবার (১৮ ডিসেম্বর) বিকেল ৪টায় কুমিল্লা কান্দিরপাড় দলীয় কার্যালয়ের সামনে জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনুস আপনার প্রতি সমর্থন আছে, সমর্থন থাকবে। আমরা আপনাদের থেকে সমর্থন প্রত্যাহার করব না। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বেইমান নয়। ডিজিএফআই, এনএসআই দিয়ে নতুন দল করা পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অপেক্ষা করবে না।’
তিনি আরও বলেন, ‘আন্দোলনে নেতৃত্ব ও উৎসাহ জুগিয়েছেন তারেক রহমান। গত ১৬ বছর একটি মিডিয়া ও তারেক রহমানের নাম লেখেনি। সেই তারেক রহমান ধৈর্য ধরে আপনাদের সুযোগ করে দিয়েছেন। এই সুযোগ আপনারা যদি নষ্ট করে দেন তাহলে ইতিহাসের আঁস্তাকুড়ে পতিত হবেন।’
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, আইন-শৃঙ্খলার উন্নতি ও দ্রুত সময়ের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে বিএনপির জনসভায় কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকারিয়া তাহের সুমনের সভাপতিত্বে সদস্য সচিব আশিকুর রহমান ওয়াসিমের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, বিশেষ অতিথি ছিলেন ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক হাজী আমিনুর রশিদ ইয়াছিন, শিল্প বিষয়ক সম্পাদক আবুল কালাম, সহসাংগঠনিক সম্পাদক কুমিল্লা বিভাগ মোস্তাক মিয়া, কুমিল্লা মহানগর বিএনপির আহ্বায়ক উদবাতুল বারী আবু, সদস্য সচিব ইউসুফ মোল্লা প্রমুখ।
সোহাইবুল ইসলাম সোহাগ/এমআই

