চাপিয়ে দেওয়া মিথ্যা ইতিহাস দেশের ছাত্র-জনতা মেনে নেয়নি : জামায়াত
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৫, ২১:৩৬
ছবি : বাংলাদেশের খবর
আওয়ামী লীগের চাপিয়ে দেওয়া বিকৃত ইতিহাস গত ৫ আগস্ট এ দেশের ছাত্র-জনতা প্রত্যাখ্যান করেছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর নেতারা।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টায় রাজধানীর নাবিস্কো মোড়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের তেজগাঁও উত্তর থানার উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এক আলোচনা সভা, ডকুমেন্টারি প্রদর্শনী ও ব্লাড গ্রুপিং কার্যক্রম অনুষ্ঠানে তারা এসব কথা বলেন।
ভাষা আন্দোলনে ইতিহাস থেকে অধ্যাপক গোলাম আজমের নাম মুছে ফেলা হয়েছে অভিযোগ করে জামায়াতের ইসলামীর ঢাকা মহানগর উত্তর প্রচার সেলের সেক্রেটারি আতাউর রহমান সরকার বলেন, ‘১৯১১ সালে রংপুর শিক্ষা সম্মেলনে নওয়াব আলী চৌধুরী প্রথম বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি জানান। ১৯১৮ সালে শান্তি নিকেতনে, আজকে যারা রবীন্দ্রনাথকে নিয়ে এতো বন্দনা করেন কিন্তু এই রবীন্দ্রনাথ ঠাকুরের ইতিহাস আমরা জানি না। তিনি আমাদের বাংলা ভাষা যেন রাষ্ট্রভাষা না হয় তার তীব্র বিরোধিতা করেছেন। শুধু তাই নয় তিনি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায়ও বাধা দিয়েছিলেন। ১৯১৮ সালে রবীন্দ্রনাথ হিন্দুকে রাষ্ট্রভাষা করার দাবি জানিয়েছেন সেখান ডক্টর মোহাম্মদ শহিদুল্লাহ তার প্রতিবাদ করে বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি জানিয়েছেন।’
তিনি আরও বলেন, ‘আজকে যারা বড় বড় কথা বলেন। সেদিন এই তেজগাঁও এলাকায় পোস্ট লাগানোর কারণে গ্রেফতার হয়েছিলেন অধ্যাপক গোলাম আজম। আজকে যারা গোলাম আজমকে দেশবিরোধী বলেন তারাই সবচেয়ে বড় দেশবিরোধী।’
আওয়ামী লীগের বানানো ইতিহাস গত ৫ আগস্ট এ দেশের ছাত্র-জনতা প্রত্যাখ্যান করেছে জানিয়ে ২৫নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ও তেজগাঁও থানা জামায়াতের আমির মাওলানা হাফেজ আহসান উল্লাহ বলেন, বাংলাদেশ জামায়াত সব সময় চেষ্টা করছে জাতির সামনে সঠিক ইতিহাস তুলে ধরতে। আজ একের পর এক ইতিহাস বিকৃতি হচ্ছে। আমাদের সন্তানরা মিথ্যা ইতিহাস শিখছে।
তাদেরকে এ দেশের স্বাধিকার আন্দোলন, স্বাধীনতা, ভাষা আন্দোলন, মুসলিমদের ইতিহাস, ঐতিহ্য, কৃষ্টিকালচার জাতির সামনে সঠিকভাবে উপস্থাপন না করে বিকৃতভাবে উপস্থাপন করে ইতোপূর্বে যারা ক্ষমতায় ছিলেন সেই সব দায়িত্বশীলরা তাদের দায়িত্ব পালন ব্যর্থ হয়েছেন। শুধু ব্যর্থই তারা হননি বরং তারা ফ্যাসিবাদের পরিচয় দিয়েছেন।
তিনি বলেন, আমাদের কোমলমতি ছাত্রজনতাকে এ দেশের শিশু-কিশোরদেরকে যে মিথ্যা ইতিহাস তারা শেখাতে চেয়েছিল গত ৫ আগস্ট তা মিথ্যা প্রমাণিত হয়েছে। এটাই প্রমাণিত হয়েছে তাদের সেই মিথ্যার ইতিহাসকে এ দেশের ছাত্র-জনতা মেনে নেয়নি। এতেই প্রমাণিত হয়েছে সত্যকে কখনো ঢেকে রাখা যায় না।
তেজগাঁও থানা উত্তরের সেক্রেটারি রাকিবুল হক নাসিফের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন- জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও হাতিরঝিল অঞ্চল পরিচালক হেমায়েত হোসেন, বিশেষ অতিথি ছিলেন ঢাকা মহানগরী উত্তর জামায়াতের প্রচার-মিডিয়া সম্পাদক ও হাতিরঝিল অঞ্চলের সহকারী পরিচালক আতাউর রহমান সরকার, শিল্পাঞ্চল থানা আমির কলিমউল্লাহ, নায়েবে আমির ও ২৪নং ওয়ার্ড কমিশনার প্রার্থী মোহাম্মদ উল্লাহ ভূইয়া হারুন, শমরিতা হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. ইকবাল হোসেন।
অন্যান্যের মধ্যে সভায় বক্তব্য রাখেন থানা কর্মপরিষদ সদস্য ইঞ্জিনিয়ার মহসিন খান, মাও. আবু জাফর, শ্রমিক নেতা কাজী মুজিবুর রহমান, বাবর আলী, ছাত্রনেতা মেহেদী হাসান, জামায়াত নেতা মাস্টার নজরুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন থানা কর্ম পরিষদ সদস্য মোফাজ্জল হোসেন রকি, সোলাইমান হোসেন, ওয়ার্ড সভাপতি নোমান উদ্দিন। উক্ত আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা ও ডকুমেন্টারি প্রদর্শন হয়।
এইচএস/এমআই

