Logo

ধর্ম

রমজান ইবাদতের বসন্তকাল

Icon

মুহাম্মদ জালাল উদ্দীন

প্রকাশ: ০৬ মার্চ ২০২৫, ১৪:১৭

অ
রমজান ইবাদতের বসন্তকাল

রমজানের চাঁদ উদিত হওয়ার সঙ্গে সঙ্গেই প্রতিটি মুমিনের হৃদয়ে ঈমানের বসন্ত শুরু হয়। রমজান মাস হলো মুমিনের জন্য ইবাদতের বসন্তকাল। কারণ, এই মাসে ঈমানদারগণ নিজেদের আত্মাকে শুদ্ধ করার একটি দারুণ সুযোগ পায়। এ সময়ে মুসলিমগণ বিভিন্ন ইবাদতের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জেনের  চেষ্টা করে। আল্লাহ তায়ালা কোরআন কারিমে বলেন, ‘হে ঈমানদারগণ! তোমাদের ওপর রোজা ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের ওপর, যেন তোমরা মুত্তাবি হতে পারো।’ (সুরা বাকারা, আয়াত : ১৮৩)

রমজান মাসে ফরজ রোজাসহ তারাবির নামাজ, দান-সদকাহ, কোরআন তিলাওয়াত, জিকির-আজকার ও নফল ইবাদত বেশি বেশি করা। কারণ, প্রতিটি আমলের জন্য ১০ গুণ থেকে ৭০০ গুণ পর্যন্ত সওয়াব রয়েছে। আর ইবাদত-বন্দেগির মাধ্যমে রাত্রি জাগরণ করে হাজার রজনী অপেক্ষা শ্রেষ্ঠ ও উত্তম রাত-লাইলাতুল কদর তালাশ করা কর্তব্য। আর রোজাদারের জন্য আল্লাহ তায়ালার পক্ষ থেকে অনন্য উপহার হলো- এর পুরস্কার সরাসরি আল্লাহ তায়ালার কাছ থেকে গ্রহণ করা। এ পুরস্কারটি অন্য সকল ইবাদতের পুরস্কার থেকে সম্পূর্ণ আলাদা। হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুলে কারিম (সা.) বলেছেন, মানুষের প্রত্যেক আমলের প্রতিদান বৃদ্ধি করা হয়। একটি নেকির সওয়াব ১০ গুণ থেকে ৭০০ গুণ পর্যন্ত। 

আল্লাহ তায়ালা বলেন, কিন্তু রোজা আলাদা। কেননা তা একমাত্র আমার জন্য এবং আমি নিজেই এর প্রতিদান প্রদান করব। বান্দা একমাত্র আমার জন্য নিজের প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করেছে এবং পানাহার পরিত্যাগ করেছে। (সহিহ মুসলিম : হাদিস : ১১৫১) রোজাদারের প্রতিদান কী পরিমাণ দেওয়া হবে? তা একমাত্র আল্লাহ তায়ালাই ভালো জানেন। তা পরিমাপ করা মানুষের পক্ষে সম্ভব নয়। 

রমজান মাসের ফজিলত কোরআন ও হাদিসে অসংখ্যবার উল্লেখ করা হয়েছে। এটি একটি অনন্য সময়, যখন মুসলিমগণ আল্লাহর নিকট নিজেদের আত্মাকে শুদ্ধ করার সুযোগ পায়, এবং সকল গুনাহ মাফ করিয়ে নেওয়ার সুযোগ থাকে। রোজা রাখা, কোরআন তিলাওয়াত, তাহাজ্জুদ নামাজ, দান, সহানুভূতি এবং লাইলাতুল কদর ইত্যাদি এই মাসের প্রধান বৈশিষ্ট্য, যা মুসলিমদের জন্য এক অনন্য আধ্যাত্মিক চর্চা হয়ে ওঠে। রমজান মাস একদিকে আত্মশুদ্ধির মাধ্যম, অন্যদিকে সমাজে ভালোবাসা, সহানুভূতি এবং ঐক্যের বার্তা বহন করে।

লেখক : প্রভাষক, ইসলামিয়া কামিল মাদরাসা, সাভার, ঢাকা

মেইল : jalal.uddin723@gmail.com

  • বাংলাদেশের খবরের ইসলাম বিভাগে লেখা পাঠান এই মেইলে- bkislamic247@gmail.com 

বিএইচ/

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন