গ্রাফিক্স : বাংলাদেশের খবর
সৃষ্টি জগতের মধ্যে আল্লাহ তায়ালা মানুষকে সুমহান মর্যাদার আসনে সমাসীন করেছেন। তিনি মানুষকে আশরাফুল মাখলুকাত তথা সৃষ্টির সেরা জীব ঘোষণা করেছেন। সব মানুষকে একই উৎস—আদম ও হাওয়া (আ.) থেকে সৃষ্টি করা হয়েছে। সে হিসেবে সব মানুষ সমমর্যাদার অধিকারী।
কিন্তু একজন অন্যজনের ওপর শ্রেষ্ঠত্ব পেতে পারে কিছু বৈশিষ্ট্যের কারণে। কে সেরা মানুষ—এ বিষয়ে অকাট্য সিদ্ধান্ত দেওয়া কঠিন। রাসুলে কারিম (সা.) হাদিস শরিফে বিভিন্ন সময়ে ওই সব বৈশিষ্ট্যের বিবরণ দিয়েছেন, তন্মধ্যে একটি হলো—যে নিজের পরিবারের কাছে উত্তম, সেই সর্বশ্রেষ্ঠ।
হজরত আয়েশা (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসুল (সা.) বলেছেন, তোমাদের মধ্যে উত্তম হলো সে, যে তার পরিবারের কাছে উত্তম। আর আমি আমার পরিবারের কাছে উত্তম। তোমাদের এ সঙ্গী (অর্থাৎ আমি) যখন মারা যাবে, তার জন্য তোমরা দোয়া করবে। (তিরমিজি, হাদিস : ৩৮৯৫)
আলোচ্য হাদিসের সারমর্ম হলো—তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি সে, যে নিজের পরিবারের কাছে উত্তম। মানুষের ভালো-মন্দের স্বভাব তার পারিবারিক পরিবেশের ভেতর থেকেই বিকশিত হয়। কেননা, মানুষ সবচেয়ে নিবিড় ও গভীরভাবে স্বীয় পরিবারের সাথেই একাকার হয়ে যায়। আর এখানেই তার আসল চরিত্রের প্রকাশ ঘটে এবং ভেতরের মানুষটির খোলস উন্মেচিত হয়।
পরিবারই হলো মানুষের ভালো-মন্দের মাপকাঠি। কেননা, বাহ্যিক আচরণ, ক্ষণিকের বন্ধুত্ব, সাময়িক সম্পর্ক এবং পারিপার্শ্বিক সমাজের সাথে অস্থায়ী মেলামেশা দ্বারা মানুষের আসল চরিত্র ও স্বভাব অনুধাবন করা যায় না। এ সিদ্ধান্তের জন্য পারিবারিক অবস্থার দিকে দৃষ্টি দিতে হবে। কারণ, যে ব্যক্তি পরিবার-পরিজনের সাথে উত্তম আচরণ ও সদ্ব্যবহার করে, অবশ্যম্ভাবীভাবে সে বাইরের মানুষের সাথেও উত্তম আচরণ করবে। আল্লাহ তায়ালা আমাদের সকলকে নিজ পরিবার-পরিজনের সাথে উত্তম ব্যবহার করার তাওফিক দান করুন, আমীন।
লেখক : শিক্ষক, জামিয়া ইসলামিয়া আজিজিয়া বাহিরদিয়া (বাহিরদিয়া মাদ্রাসা)
বিএইচ/

