Logo

ধর্ম

সিরিয়া সম্পর্কে নবিজির ভবিষ্যদ্বাণী

Icon

ধর্ম ডেস্ক

প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২৪, ০৯:৩৬

অ
সিরিয়া সম্পর্কে নবিজির ভবিষ্যদ্বাণী

মসজিদে উমাইয়া, দামেস্ক | ছবি সংগৃহীত

‘মুলকে শাম’ নবি-রাসুলদের ভূখণ্ড। মক্কা-মদিনার পরই এর মর্যাদা স্বীকৃত। কুরআন-হাদিসের বিভিন্ন জায়গায় মুলকে শামের পবিত্রতার বর্ণনা রয়েছে। তবে আগের মুলকে শাম বর্তমানে কয়েকটি রাষ্ট্রে বিস্তৃত রয়েছে। সিরিয়া, জর্দান, লেবানন ও পূর্ণ ফিলিস্তিন ভূখণ্ড প্রাচীন মুলকে শামের অন্তর্ভুক্ত ছিল।

এই শামের সঙ্গে কিয়ামতপূর্ব অনেক ঘটনা জড়িত রয়েছে। রাসুলুল্লাহ (সা.) শামের ব্যাপারে বিভিন্ন ভবিষ্যদ্বাণী করেছিলেন।চলুন জেনে নিই নবিজির ভবিষ্যদ্বাণীগুলো—

দামেস্কের মিনারায় ঈসা (আ.)-এর অবতরণ ও দাজ্জালকে হত্যা
হজরত নাউওয়াস ইবনে সামআন (রা.) সূত্রে বর্ণিত, নবিজি (সা.) বলেছেন, ‘ইরাক ও শামের মধ্যবর্তী এলাকা থেকে দাজ্জাল বের হবে এবং ডানে-বাঁয়ে গোটা পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করতে থাকবে। তাই তোমরা ঈমানের ওপর অটল থাকবে।’ দীর্ঘ হাদিস বর্ণনার একপর্যায়ে নবী করিম (সা.) বলেন, ৪০ দিন দাজ্জালের অনিষ্টতার পর আল্লাহ ঈসা ইবনে মারিয়ামকে (আ.)- পাঠাবেন। তিনি আসমান থেকে দুজন ফেরেশতার কাঁধে চড়ে  দামেস্কের পূর্ববর্তী এলাকার শুভ্র মিনারের কাছে অবতরণ করবেন। তখন তাঁর শ্বাস-প্রশ্বাস যে কাফেরের গায়ে লাগবে, সে মারা যাবে, আর তাঁর দৃষ্টিসীমার শেষ প্রান্তে গিয়ে তাঁর শ্বাস-প্রশ্বাস পড়বে। তিনি দাজ্জালকে তালাশ করবেন, অতঃপর শামের বাবে লুদ নামক স্থানে তাকে হত্যা করবেন’ (মুসলিম)।

মহাযুদ্ধে মুসলিম বাহিনীর সেনাছাউনি হবে শাম দেশে
হজরত আবুদ্দারদা (রা.) সূত্রে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘‘মহাযুদ্ধের সময় মুসলিমদের ছাউনি হবে ‘গোতা শহরে’, যা দামেস্ক শহরের পাশে অবস্থিত। এটি শামের উত্কৃষ্ট শহরগুলোর একটি’ (আবু দাউদ)। অন্য বর্ণনায় রয়েছে, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘অচিরেই তোমরা শাম বিজয় করতে পারবে, যখন তোমাদের সেখানে বসবাসের এখতিয়ার দেওয়া হবে, তোমরা দামেস্ক নগরীকে বাসস্থান বানাবে। কেননা তা যুদ্ধবর্তীকালীন মুসলিমদের আশ্রয়স্থল হবে, আর তাদের ছাউনি হবে সে দেশের একটি ভূমি, যাকে গোতা বলা হয়’’ (মুসনাদে আহমাদ)।

কিয়ামতের আগে মাহদির খেলাফতগ্রহণ
উম্মে সালামা (রা.) হতে বর্ণিত, নবিজি (সা.) বলেছেন, ‘মুসলমানদের একজন খলিফার ইন্তেকালের পর মতানৈক্য হবে। তখন মতানৈক্য এড়িয়ে যাওয়ার জন্য মদিনাবাসীদের একজন ব্যক্তি মক্কায় চলে আসবেন। অতঃপর মক্কাবাসী অনেক লোক তাঁর কাছে আসবে এবং তাঁকে তাঁর অনিচ্ছা সত্ত্বেও ঘর থেকে বের করে এনে মাকামে ইবরাহিম ও হাজরে আসওয়াদের মধ্যবর্তী স্থানে তাঁর হাতে বাইয়াত হবে। তিনিই হলেন ইমাম মাহদি। তাঁর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য শাম থেকে একটি (বাতিল) দলকে পাঠানো হবে। তবে তারা মক্কা-মদিনার মধ্যবর্তী বাইদা নামক স্থানে পৌঁছলে ভূমিধসে আক্রান্ত হবে। যখন মানুষ তা দেখবে, তখন তাঁর কাছে শামের আবদালও ইরাকবাসী উত্কৃষ্ট মানুষের দল আসবে। অতঃপর তারা মাকামে ইবরাহিম ও হাজরে আসওয়াদের মধ্যবর্তী স্থানে তাঁর হাতে বাইয়াত হবে। এসময় কুরাইশ বংশের জনৈক ব্যক্তির উদ্ভব হবে, কালব গোত্র হবে তার মাতুল গোত্র। সে তাদের মোকাবেলায় একটি বাহিনী পাঠাবে। যুদ্ধে মাহদির অনুসারীরা কালব বাহিনীর ওপর বিজয়ী হবে আর ইসলাম সারা পৃথিবীতে প্রসারিত হবে।’

শাম ভূখণ্ড মুসলিমদের দ্বিতীয় হিজরতভূমি
হজরত আবদুল্লাহ ইবনে আমর (রা.) বলেন, আমি রাসুলুল্লাহকে (সা.) বলতে শুনেছি, হিজরতের পর আরেকটি হিজরত শিগগিরই সংঘটিত হবে। তখন ভূপৃষ্ঠের সর্বোত্কৃষ্ট মানুষ হবে তারাই, যারা ইবরাহিম (আ.)-এর হিজরতভূমিতে (শাম দেশে) অবস্থান করবে। আর গোটা পৃথিবীতে সর্বনিকৃষ্ট মানুষরাই বাকি থাকবে। তাদের ভূমিগুলো তাদের নিক্ষেপ করবে। আল্লাহ তাদের অপছন্দ করবেন। তাদের ফিতনার আগুন বানর ও শূকরের সঙ্গে মিলিয়ে রাখবে ’ (আবু দাউদ)।

শামের কল্যাণের সঙ্গে উম্মতের কল্যাণ সম্পৃক্ত
হজরত মুয়াবিয়া ইবনে কুররা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন ‘যখন শামভূমি ফাসাদ সৃষ্টিকারীদের দ্বারা ধ্বংসপ্রাপ্ত হবে, তখন তোমাদের মধ্যেও কোনো কল্যাণ থাকবে না। আর আমার উম্মতের একটি দল সর্বদা সাহায্যপ্রাপ্ত হবে, তাদের যারা ক্ষতি করার চেষ্টা করবে, তারা কিয়ামত পর্যন্ত তাদের ক্ষতি সাধন করতে পারবে না’ ( তিরমিজি)।

এটিআর/ওএফ

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন