মহান আল্লাহ তাআলার সান্নিধ্য অর্জনের অন্যতম শ্রেষ্ঠ উপলক্ষ হচ্ছে পবিত্র রমজান মাস। এই মাসে সিয়াম-সাধনার মাধ্যমে একজন মুসলমান নিজের গোনাহ মাফ করিয়ে আল্লাহর নৈকট্য লাভের চেষ্টা করেন।
এবার পবিত্র সেই মাস ২০২৬ সালের কবে নাগাদ শুরু হতে পারে সে বিষয়ে নিজেদের মত দিয়েছেন জ্যোতির্বিদরা।
মধ্যপ্রাচ্যের সংবাদমাধ্যম গালফ নিউজ সোমবার (১৮ আগস্ট) জ্যোতির্বিদদের বরাতে এক প্রতিবেদনে জানিয়েছে যে, ২০২৬ সালের রমজান মাস ১৭ ফেব্রুয়ারি শুরু হতে পারে। আরব বিশ্বের বেশিরভাগ দেশে এর আগের সন্ধ্যায় রমজানের চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে।
মূলত ইসলামিক ক্যালেন্ডার চন্দ্রচক্র অনুসরণে নির্ধারণ করা হয়। এ কারণে প্রতিটি মাসই নতুন অর্ধচন্দ্র দেখে শুরু ও শেষ হয়।
যেহেতু চন্দ্র মাসগুলো সৌর মাসের চেয়ে ছোট হয় এ কারণে ইংরেজি বর্ষপঞ্জিকায় প্রতিবছর আরবি মাসগুলো ১০ থেকে ১১ দিন পিছিয়ে যায়। এর ফলে মুসলমানরা শীত, বর্ষা, গ্রীষ্ম, হেমন্ত বা বসন্ত- সব ঋতুতেই পবিত্র রমজানের ছোঁয়া পাওয়ার সুযোগ পান।
আইএইচ/

